হৃতিকের সঙ্গে ছবি পোস্ট করেই বিস্ফোরক আমিশা!
ছবি: সংগৃহীত
০৯:৩৫ পিএম | ২৪ মে, ২০২৬
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল আবারও সোশ্যাল মিডিয়ায় নিজের মন্তব্যের কারণে আলোচনার কেন্দ্রে উঠে এলেন। চলতি প্রজন্মের অভিনেত্রীদের পিআর কৌশল নিয়ে কয়েকদিন আগেই টুইটে বিতর্ক তৈরি করেছিলেন তিনি। এবার এক থ্রোব্যাক ছবি শেয়ার করে বলিউডের বর্তমান সম্পর্কের সমীকরণ ও সামাজিক মাধ্যমের সংস্কৃতি নিয়ে সরব হলেন এই অভিনেত্রী।
রবিবার নিজের ইনস্টাগ্রামে ২০০০ সালের সুপারহিট ছবি ‘কহো না পেয়ার হ্যায়’-এর শুটিংয়ের একটি পুরনো ছবি পোস্ট করেন আমিশা প্যাটেল। ছবিতে দেখা যায়, থাইল্যান্ডের ফুকেটে শুটিংয়ের সময় সহ-অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে একসঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। সেই স্মৃতিমেদুর মুহূর্তকে কেন্দ্র করেই উঠে আসে তার বর্তমান মন্তব্য।
ছবির ক্যাপশনে অমিশা লেখেন, সেই সময় সহ-অভিনেতাদের মধ্যে যে আন্তরিকতা, সহজ সম্পর্ক ও বন্ধুত্ব ছিল, আজকের বলিউডে তার অভাব স্পষ্ট। তার মতে, বর্তমানে ইন্ডাস্ট্রিতে সম্পর্ক অনেক বেশি আনুষ্ঠানিক ও প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে, যেখানে আগের মতো স্বতঃস্ফূর্ত বন্ধন আর দেখা যায় না।

অভিনেত্রীর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। অনেকেই তার বক্তব্যকে এক ধরনের নস্টালজিয়া হিসেবে দেখলেও, কেউ কেউ মনে করছেন বর্তমান প্রজন্মকে নিয়ে এটি একটি তুলনামূলক সমালোচনা।
শুধু বলিউডের ভেতরের সম্পর্ক নয়, সামাজিক মাধ্যমের পরিবেশ নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন আমিশা প্যাটেল। তার মতে, ভারতীয় নেটিজেনদের একটি অংশ তারকাদের প্রতি অত্যন্ত কঠোর ও সমালোচনামূলক আচরণ করে, যা অন্য দেশের তুলনায় অনেক বেশি নেতিবাচক।
তিনি আরও বলেন, বড় কোনো ইভেন্টে তারকাদের উপস্থিতি থেকে শুরু করে তাদের পোশাক পর্যন্ত সবকিছু নিয়েই অনলাইনে ট্রোলিংয়ের প্রবণতা দেখা যায়, যা অত্যন্ত দুঃখজনক।
অমিশার এই মন্তব্যকে কেন্দ্র করে নেটপাড়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক। কেউ তার সঙ্গে একমত পোষণ করছেন, আবার কেউ বলছেন, সময়ের সঙ্গে ইন্ডাস্ট্রির স্বাভাবিক পরিবর্তনকেই তিনি ভিন্নভাবে দেখছেন।
সব মিলিয়ে থ্রোব্যাক ছবির আবেগ থেকে শুরু করে বর্তমান বলিউড ও সামাজিক মাধ্যমের সংস্কৃতি—সব মিলিয়ে ফের আলোচনায় আমিশা প্যাটেল।
এসএ/এসএন