© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকার গণতন্ত্র নির্বাসনে পাঠিয়ে দেশে হরণতন্ত্র চালু করেছে: রিজভী  

শেয়ার করুন:
সরকার গণতন্ত্র নির্বাসনে পাঠিয়ে দেশে হরণতন্ত্র চালু করেছে: রিজভী   
own-reporter
০৩:৩৭ পিএম | ০৪ এপ্রিল, ২০১৯

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গণতন্ত্র নির্বাসনে পাঠিয়ে দেশে হরণতন্ত্র চালু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে দলের কার্যালয়ের সামনে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আপনি এক এক করে গণতন্ত্র হরণ করেছেন, স্বাধীনতাকে ধ্বংস করেছেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছেন, মানুষের মৌলিক অধিকার হরণ করেছেন। আপনি গণতন্ত্র ধ্বংস করে আপনি হরণতন্ত্র চালু করেছেন।

‘তারপরও কি টিকে থাকা যাবে? প্রধানমন্ত্রী গণজোয়ারের সম্ভাবনা আপনি হয়ত টের পাচ্ছেন না। কিন্তু অন্যায়-অবিচারের লৌহশৃঙ্খল ভেঙে যে গণজোয়ার তৈরি হবে, সেই গণজোয়ার আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না।’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল এই বিভোক্ষ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করে।

খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে রিজভী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছেন। তাতে আপনার সাময়িক লাভ। কিন্তু আপনার মনে কী শান্তি আছে? অবৈধভাবে, অন্যায়ভাবে ক্ষমতায় থাকলে মনে কখনই শান্তি থাকে না। পতনের আশঙ্কায় আপনার দুঃশ্চিন্তা সব সময় থাকবে।

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় সমাবেশে মহিলা দলের হেলেন জেরিন খান, পেয়ারা মোস্তফা, শামসুন্নাহার ভুঁইয়া, সাবিনা ইয়াসমীন, মাসুদা খানম লতা, নিলুফার ইয়াসমীন নিলু, সেলিনা হাফিজ, মর্জিনা আফসারী প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে কার্যালয়ের সামনে থেকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় পর্যন্ত মিছিল করে মহিলা দল।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন