নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে শিশুধর্ষণ মামলায় ফিরোজ মিয়া (৩৪) নামের এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে তাকে আরো ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দীন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ফিরোজ বরিশালের ডাকুয়া নারায়ণপুর এলাকার মৃত আমির হোসেনের ছেলে। সে পরিবার নিয়ে ফতুল্লা থানার ফরাজিকান্দা এলাকার বাসিন্দা।
মামলার বরাত দিয়ে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন জানান, ২০১৫ সালের ১৪ মার্চ সকালে একই বাড়ির ভাড়াটিয়া ফিরোজ ওই শিশুকে টেলিভিশন দেখার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে।
পরে এ ঘটনায় মামলা হয়। মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা ফিরোজকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
টাইমস/এইচইউ