© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএসটিআই’কে কারিগরি সহায়তা দেবে নেসলে

শেয়ার করুন:
বিএসটিআই’কে কারিগরি সহায়তা দেবে নেসলে
own-reporter
০৬:৩৭ পিএম | ০১ নভেম্বর, ২০১৯

খাদ্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনিস্টিটিউটের (বিএসটিআই) সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেসলে সুইজারল্যান্ড।

শুক্রবার সুইজারল্যান্ডে নেসলের সদর দপ্তরে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে বৈঠকে প্রতিষ্ঠানটির এশিয়া, ওসেনিয়া ও আফ্রিকা অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট বার্নি স্টিফেন এ আগ্রহের কথা জানান।

বৈঠকে বাংলাদেশের খাদ্য শিল্পের আধুনিকায়ন, গুণগত মানোন্নয়ন ও মান অবকাঠামোর উন্নয়নে সহায়তার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নেসলের ভাইস প্রেসিডেন্ট বলেন, খাদ্যশিল্পে নেসলের ১৫৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। বিশ্বমানের গবেষণা এবং উন্নয়ন ফ্যাসিলিটি থাকায় নেসলে উৎপাদিত পণ্য সারা বিশ্বে জনপ্রিয়।

বাংলাদেশেও নেসলে উৎপাদিত খাদ্যপণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশে গুণগত শিল্পায়নে নেসলে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে আগ্রহী- বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে বিদেশি বিনিয়োগের জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সর্বোত্তম গন্তব্য। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ সরকার ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে।

তিনি এসব অর্থনৈতিক অঞ্চলে বিশ্বমানের খাদ্যশিল্প স্থাপনে এগিয়ে আসতে নেসলের ভাইস প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান।

খাদ্য শিল্পখাতে বিনিয়োগ করলে অন্য বিদেশি উদ্যোক্তাদের মতো নেসলেকেও বাংলাদেশ সরকার প্রয়োজনীয় প্রণোদনা ও নীতি সহায়তা দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন