এবার সালমানের বিরুদ্ধে সাংবাদিক পেটানোর মামলা
বলিউড তারকা সালমান খান। অভিনয়ে যতটা আলোচিত তিনি, বিভিন্ন কারণে ঠিক ততটাই সমালোচিত এই অভিনেতা। তারই ধারাবাহিকতায় এক সাংবাদিককে মারধর করার অভিযোগে এবার তার নামে মামলা হয়েছে।
বলিউড তারকা সালমান খান। অভিনয়ে যতটা আলোচিত তিনি, বিভিন্ন কারণে ঠিক ততটাই সমালোচিত এই অভিনেতা। তারই ধারাবাহিকতায় এক সাংবাদিককে মারধর করার অভিযোগে এবার তার নামে মামলা হয়েছে।
সালমান খানের বিরুদ্ধে এই মামলাটি করেছেন টিভি সাংবাদিক অশোক পাণ্ডে। তার অভিযোগ, গত ২৪ এপ্রিল অশোক ও চিত্র সাংবাদিক সাঈদ ইরফান গাড়ি নিয়ে মুম্বাইয়ের জুহু থেকে কান্দাভালি যাচ্ছিলেন। সে সময় তারা দেখতে পান, সালমান খান সাইকেল চালাচ্ছেন।

ওই মুহূর্তের ছবি ধারণ করতে সালমানের সঙ্গে থাকা দুই দেহরক্ষীকে জিজ্ঞাসা করা হয়। তারা ছবি তোলার অনুমতি দিলেই অশোক ও সাঈদ ছবি ধারণ করতে শুরু করেন।
এমন সময় সালমান ক্ষিপ্ত হয়ে দেহরক্ষীদের নির্দেশ দেন, তাদের শায়েস্তা করতে। পরে দেহরক্ষীরা এসে দুই সাংবাদিককে মারধর শুরু করে দেন। এমনকি ওই সময় সালমানও এসে অশোকের মোবাইল ফোন কেড়ে নেন। এরপর তার ছবি মুছে দেয়ার চেষ্টা করেন। পরে আশোক থানায় যাওয়ার চেষ্টা করলে আবার তার ওপর হামলা চালানো হয়।

আশোক ভারতীয় বিভিন্ন গণমাধ্যমকে মামলার ব্যাপারে জানান, তিনি প্রথমে এপ্রিলে ডি এন নগর থানায় সালমান, বিজয় ও এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কিন্তু প্রায় দুই মাস পার হয়ে গেলে পুলিশ জানায়, সালমানের বিরুদ্ধে মারধরের কোনো প্রমাণ মেলেনি। এরপর তারা আদালতের শরণাপন্ন হন।
পরে সালমানের বিরুদ্ধে ভারতীয় পেনাল কোড (আইপিসি) ৩২৩, ৩৯২, ৪২৬, ৫০৬ ও ৩৪ ধারায় মামলাটি করেন এই দুই সাংবাদিক। আন্ধেরির আদালতে এ মামলার শুনানি হবে আগামী ১২ জুলাই।
টাইমস/জেকে/এসআই