© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তান সীমান্তে যুদ্ধ ট্যাংক মোতায়েন করবে ভারত

শেয়ার করুন:
পাকিস্তান সীমান্তে যুদ্ধ ট্যাংক মোতায়েন করবে ভারত
international-desk
১০:৩৬ এএম | ০৯ মে, ২০১৯

পাকিস্তান সীমান্তে ৪৬৪টি যুদ্ধ ট্যাংক মোতায়েন করতে যাচ্ছে ভারত। কাশ্মীরে সাম্প্রতিক উত্তেজনার জেরে পাকিস্তান সীমান্তে রাশিয়ান প্রযুক্তিতে তৈরি ট্যাংকগুলো মোতায়েন করার ঘোষণা দিয়েছে দেশটি।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে- ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে এ যুদ্ধ ট্যাংকগুলো মোতায়েন করা হবে। এ সব ট্যাংক ক্রয়ে ভারতের ব্যয় হবে ১৩,৪৪৮ কোটি রুপি। চুক্তি অনুযায়ী রাশিয়ায় তৈরি এ ট্যাংক ভারতের সেনাকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

খবরে আরও বলা হয়েছে- দক্ষিণ ভারতের তামিলনাড়ু প্রদেশের রাজধানী চেন্নাইয়ের আভাদি এলাকায় অবস্থিত ভারতের সমরাস্ত্র কারখানায় ‘মেড ইন ইন্ডিয়া’ প্রকল্পে ‘ভীষ্ম’ নামে রুশ প্রযুক্তিতে এসব অত্যাধুনিক ট্যাঙ্ক তৈরি হচ্ছে। এক মাস আগেই এ ট্যাঙ্কের নির্মাণ চুক্তি ছাড়পত্র পেয়েছে ভারত।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সেনাদের কাছে এ মুহূর্তে প্রায় ১০৭০টি ট্যাঙ্ক রয়েছে। তাছাড়াও রয়েছে ১২৪টি অর্জুন ও ২৪০০টি পুরনো মডেলের টি-২৭ ট্যাঙ্ক। ফেব্রুয়ারিতে কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার পরে সেনাবাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেয় ভারত।

এছাড়া সীমান্ত এলাকায় যেসব সেনা জওয়ান অভিযানে আছেন, তাদেরও উচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

পাকিস্তানের আক্রমণ থেকে বাঁচতে বাঙ্কার তৈরি করা হচ্ছে বলেও এর আগে দেশটির গণমাধ্যমের খবরে জানা যায়। ইতিমধ্যে কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলায় ৭ হাজার ২৯৮টি বাঙ্কার তৈরির কাজ শেষ হয়েছে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন