রোগীর পেটে মিলল স্ক্রু ড্রাইভার, টুথব্রাশ, ছুরি
ভারতের হিমাচল প্রদেশের ঘটনা। শুনে অবাক লাগলেও, ঘটনা সত্যি। ৩৫ বছর বয়সী এক যুবক খেয়ে ফেলেছিলেন ছুরি, স্ক্রু ড্রাইভার, চামচ এমনকি টুথব্রাশও। আর এই সমস্ত জিনিস তার পাকস্থলী থেকে বের করেছেন চিকিৎসকরা।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পেট ব্যথা নিয়ে বৃহস্পতিবার হিমাচল প্রদেশের শ্রী লালবাহাদুর শাস্ত্রী নামে এক সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। এক্সরে করে চিকিৎসকরা জানতে পারেন পাকস্থলীর মধ্যে বেশ কিছু ধাতব বস্তু রয়েছে। যেগুলো তাড়াতাড়ি পাকস্থলী থেকে বের করে ফেলতে হবে। এরপর তার অস্ত্রোপচার করা হয়। কিন্তু অস্ত্রোপচার করে এমন সব জিনিস উদ্ধার হলো, যেগুলো দেখে তাজ্জব চিকিৎসকরা।
খবরে বলা হয়, ওই ব্যক্তির পাকস্থলী থেকে পাওয়া যায় ৮টি চামচ, ২টি স্ক্রু ডাইভার, ২টি টুথব্রাশ ও একটি ছুরি। একজন সুস্থ মানুষের পক্ষে এগুলো খাওয়া একেবারেই সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসক।
চিকিৎসক নিখিল জানান, তাকে সুস্থ করার জন্য যাবতীয় চেষ্টা করা হচ্ছে। আপাতত অস্ত্রোপচার সফল।
টাইমস/এসআই