© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে তালাবদ্ধ শিক্ষার্থী

শেয়ার করুন:
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে তালাবদ্ধ শিক্ষার্থী
own-reporter
০৫:১৬ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২০

চীন ফেরত ছাত্র করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তালাবদ্ধ করে রাখা হয়েছে। এ ঘটনায় এরই মধ্যে দেশব্যাপী তোলপাড় শুরু হয়েছে। হাসপাতাল থেকে এর আগে দুই বার ছাড়পত্র নিয়ে চলে গেলেও শেষ মেষ ওই ছাত্রকে পুলিশ দিয়ে ধরে এনে তালাবদ্ধ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের আধুনিক সদর হাসপাতালে।

চীন ফেরত ওই ছাত্রের নাম রায়হান আহমেদ। তিনি হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার আবদুন নূরের ছেলে।

এ ঘটনায় জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, রায়হান চীনের জিয়াংসুতে একটি মেডিকেল কলেজে পড়াশোনা করতেন। গত ৮ ফেব্রুয়ারি তিনি দেশে ফেরেন।

১৪ ফেব্রুয়ারি রায়হান জ্বর, কাশি ও ঘাড় ব্যথা অনুভব করেন। তাকে পরিবারের সদস্যরা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ভর্তির পরামর্শ দেন। এতে আতঙ্কিত হয়ে ওই ছাত্র বাড়ি ফিরে যান।

পরে ১৬ ফেব্রুয়ারি পরিবারের সদস্যদের বুঝিয়ে ওই ছাত্রকে আবার হাসপাতালে আনা হয়। কিন্তু ভর্তির কিছুক্ষণ পরই তিনি আবার হাসপাতাল ছেড়ে চলে যান। পরে পুলিশের সহায়তায় তাকে খুঁজে বের করে হাসপাতালের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান বলেন, তার জ্বর নেই। কিন্তু সর্দি, কাশি এবং ঘাড় ব্যথা আছে। এ কারণেই তাকে করোনাভাইরাস আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। সরকারের নির্দেশনা আছে যে, চীন থেকে ফেরার ১৪ দিনের মধ্যে যদি কারও সর্দি-কাশি হয়, তা হলে তাকে অবশ্যই আইসোলেশনে রাখতে হবে। সরকারের নির্দেশনা আমাদের মানতেই হবে।

এদিকে চীন ফেরত শিক্ষার্থী রায়হানের বাবা আবদুন নূর জানান, তার ছেলে মরণব্যাধি করোনাভাইরাসে আক্রান্ত নয়। এ নিয়ে অপপ্রচার চলছে। এ ঘটনায় তিনি ক্ষোভ জানান।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন