খুলনায় অবৈধভাবে ওষুধ তৈরির অভিযোগে একজনের কারাদণ্ড
অনুমতি ছাড়াই অবৈধ উপায়ে ওষুধ তৈরির অভিযোগে খুলনায় এক ব্যক্তিকে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার নাম মো. শাহ আলম (৩৫)।
অনুমতি ছাড়াই অবৈধ উপায়ে ওষুধ তৈরির অভিযোগে খুলনায় এক ব্যক্তিকে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার নাম মো. শাহ আলম (৩৫)।
মঙ্গলবার দুপুরে নগরীর করিমনগর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ পেইন কিলার তৈরির কাঁচামাল, ক্ষতিকর কেমিক্যাল, পণ্যের লেভেল (মোড়ক) ও ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় ওষুধ প্রস্তুতকারক মো. শাহ আলমকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের কারাদণ্ড দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত শাহ আলমের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পাশা এলাকায়। তিনি বিগত পাঁচ-ছয় মাস মহানগরীর সুর মোহাম্মদ সড়কের জনৈক আশরাফ আলী হাওলাদারের বাড়ি ভাড়া নিয়ে অবৈধ হারবাল ওষুধ তৈরি করে আসছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম এবং তকী ফয়সাল তালুকদার। এছাড়া খুলনা ঔষধ প্রশাসনের কার্যালয়ের সহকারী পরিচালক আবদুর রশীদ, মহানগর গোয়েন্দা পুলিশের ওসি মিজানুর রহমান খানের নেতৃত্বে একটি টিম এ সময় উপস্থিত ছিলেন।
ওষুধ প্রশাসন কর্মকর্তারা বলেন, ক্ষতিকর নানা কেমিক্যাল দিয়ে এখানে ‘লিকুইড পেইন কিলার’ তৈরি হচ্ছে। তাৎক্ষণিকভাবে এটা ব্যথা কমালেও মানবদেহের জন্য তা ক্ষতিকর।
টাইমস/এইচইউ