চট্টগ্রামে ছেলেকে বাঁচাতে গিয়ে বখাটের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার
চট্টগ্রাম নগরীতে ছেলেকে বাঁচাতে গিয়ে বখাটের ছুরিকাঘাতে মোস্তাক আহমদ (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় শাহাদাত ও সাজ্জাদ নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুরের পিলখানা এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগরীতে ছেলেকে বাঁচাতে গিয়ে বখাটের ছুরিকাঘাতে মোস্তাক আহমদ (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় শাহাদাত ও সাজ্জাদ নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুরের পিলখানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাক আহমদ সাতকানিয়া উপজেলার দেওয়ান মাহমুদের ছেলে। তিনি ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন এবং সেখানে একটি পান-সিগারেটের দোকান চালাতেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক জানান, শুক্রবার সন্ধ্যায় রাব্বী নামে এক তরুণসহ স্থানীয় কয়েকজন বখাটে ওই এলাকায় আড্ডা দিচ্ছিল। সে সময় মোস্তাকের ছেলে নাঈমের (১৮) সঙ্গে আড্ডা নিয়ে বখাটেরা বাক-বিতণ্ডায় জড়িয়ে যায়। এর জের ধরে রাত ৯টার দিকে রাব্বী দলবল নিয়ে আবার পিলখানা এলাকায় গিয়ে নাঈমকে মারধর শুরু করে। এক পর্যায়ে মোস্তাক খবর পেয়ে ছেলেকে বাঁচাতে এগিয়ে যান। এসময় মোস্তাক আহমদের সঙ্গেও বখাটেদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাব্বীর সঙ্গে থাকা শাহাদাত নামের এক যুবক মোস্তাককে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় মোস্তাককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে শাহাদাত ও সাজ্জাদ নামে দুই বখাটেকে আটক করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।
টাইমস/এইচইউ