© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘বাংলাদেশের টিভি চ্যানেল ভারতে দেখানোর বিষয়ে আলোচনা হয়েছে’

শেয়ার করুন:
‘বাংলাদেশের টিভি চ্যানেল ভারতে দেখানোর বিষয়ে আলোচনা হয়েছে’
own-reporter
০৪:০১ পিএম | ১৫ মে, ২০১৯

বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যাতে ভারতে দেখানো সম্ভব হয় সেই বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার সচিবালয়ে দুজনের মধ্যে বৈঠক হয়। বৈঠক শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি ভারতে প্রদর্শন নিয়ে ‍গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এ নিয়ে সুসংবাদ তৈরি হয়ে আছে, এখন শুধু ঘোষণার অপেক্ষা।

‘বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যাতে ভারতে দেখানো সম্ভবপর হয় সেটি নিয়ে আলোচনা করেছি। বিটিভি ভারতে দেখানোর ব্যাপারে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আমি এখনই এ ব্যাপারে বলতে চাই না, যেহেতু ভারতে নির্বাচন চলছে। কিন্তু খুব সহসা আপনাদের সুসংবাদ আমরা দিতে পারব, সুসংবাদ তৈরি হয়ে আছে, এখন ঘোষণা করতে চাই না’- বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘ভারত-বাংলাদেশের প্রযোজনায় বঙ্গবন্ধুর ওপর একটি ছবি নির্মিত হতে যাচ্ছে। সেই ছবির পরিচালক হচ্ছেন শ্যাম বেনেগাল। সেটি নিয়ে বাংলাদেশের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীর নেতৃত্বে তথ্য সচিবসহ সেখানে গিয়েছিলেন। সেখানে অনেক গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বঙ্গবন্ধু ফিল্মের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।  স্ক্রিপ রাইটার আগামী সপ্তাহে বাংলাদেশে আসবেন এবং দুই সপ্তাহ থাকবেন।’

যৌথ মালিকানা ও প্রযোজনায় এই চলচ্চিত্রটিতে বাংলাদেশের ৬০ ভাগ এবং ৪০ ভাগ মালিকানা ভারত সরকারের। ইতোমধ্যে ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হয়েছে, কাজ শুরু হয়ে গেছে বলে তিনি জানান।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন