দুই ভাইয়ের মোটরসাইকেল প্রতিযোগিতায় প্রাণ গেল এক ভাইয়ের
জামালপুরের ইসলামপুরে দুই ভাই মিলে মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে পিলারের সঙ্গে ধাক্কা লেগে এক ভাই নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় উপজেলার সিরাজাবাদ সড়কে এ দুর্ঘটনা ঘটে। ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের নাম হাবিল শেখ (২২)। সে পৌর শহরের কিংজাল্লা গ্রামের শহিদ শেখের ছেলে।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার দুপুরে হাবিল শেখ ও খলিল শেখ যমজ দুই ভাই সিরাজাবাদ সড়কে দুটি মোটরসাইকেল নিয়ে পাল্লা দিয়ে চালাচ্ছিলো। হঠাৎ হাবিল শেখের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি পাশের ড্রেনে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হাবিল শেখের মৃত্যু হয়।
টাইমস/এইচইউ