© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেননের বক্তব্যে বিব্রত নয় ১৪ দল: নাসিম

শেয়ার করুন:
মেননের বক্তব্যে বিব্রত নয় ১৪ দল: নাসিম
own-reporter
০৫:৩৫ পিএম | ২২ অক্টোবর, ২০১৯

গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি- ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের এমন বক্তব্যে নিয়ে ১৪ দল বিব্রত নয় বলে জানিয়েছেন এর সমন্বয়ক মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দল আয়োজিত বাংলাদেশ-ভারত সমঝোতা স্মারক শীর্ষক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিম এ কথা বলেন।

তিনি বলেন, 'কোনও একক ব্যক্তির বক্তব্যে ১৪ দল বিব্রত হবে কেন? এটি মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে করা আদর্শিক জোট। জোটের বৈঠকে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তারপর করণীয় ঠিক করা হবে।’

মোহাম্মদ নাসিম যখন এ কথা বলেন তখন তার পাশে ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তবে রাশেদ খান মেনন আসেননি।

এই বিষয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘তার পার্টির সেক্রেটারি এসেছেন। তিনি কেন আসেননি, তা আমি বলতে পারব না।’

তিনি বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্কের স্বর্ণ অধ্যায় চলছে এখন। একটি মহল এখনও এ বন্ধুত্বকে বাঁকা চোখে দেখছে। যারা এ বন্ধুত্বকে বাঁকা চোখে দেখছেন, তারা কোনো কিছুই সোজা চোখে দেখেন না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম মাহবুবের মূল প্রবন্ধের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় আরও বক্তব্য রাখেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, বাংলাদেশের জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদারসহ শরিক দলের অন্য নেতারা।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন