কাউন্সিলর হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেয়া হবে না : সেতুমন্ত্রী
ফাইল ছবি
সিরাজগঞ্জে পৌর নির্বাচনে জয়ী এক কাউন্সিলরকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয় থাকলেও তাদের কোনও ধরনের ছাড় দেয়া হবে না।
সোমবার (১৮ জানুয়ারি) সকালে চার দিনব্যাপী অগ্নিনিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সেতুমন্ত্রী। রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন তিনি।
ওবায়দুল কাদের বলেন, দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। মানুষ উন্নয়ন চায় বলেই আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন।
তিনি বলেন, বিএনপি প্রার্থীরা যেখানে সক্রিয় ও জনপ্রিয় ছিল, সেসব জায়গায় তারা বিজয়ী হয়েছেন। এমনকি তাদের দুজন বিদ্রোহী প্রার্থীও বিজয়ী হয়েছেন। তারপরও বিএনপি নেতারা নির্বাচন নিয়ে দোষ-ত্রুটি খুঁজে বেড়াচ্ছেন। এটা তাদের পুরনো অভ্যাস।
টাইমস/এসএন