© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ঘটনা ঘটতে দেখবেন’, পুতিনকে ট্রাম্পের হুমকি!

শেয়ার করুন:
‘ঘটনা ঘটতে দেখবেন’, পুতিনকে ট্রাম্পের হুমকি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৬ পিএম | ০৪ সেপ্টেম্বর, ২০২৫
ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এবার এক ধরনের হুমকিই দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিয়েভের সাথে সংঘাতে মস্কোর পরবর্তী পদক্ষেপে ‘অসন্তুষ্ট’ হলে ‘অনির্দিষ্ট পরিণতির’ হুমকি দিয়েছেন তিনি।

স্থানীয় সময় বুধবার (৩ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, তিনি আগামীতে পুতিনের সাথে আবারও কথা বলার পরিকল্পনা করছেন, আর রুশ নেতা যুদ্ধের বিষয়ে তার প্রশাসনের অবস্থান সম্পর্কেও অবগত।

ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের জন্য আমার কোনো বার্তা নেই। তিনি জানেন আমি কোথায় আছি এবং যেকোনো পন্থায় তিনি একটি সিদ্ধান্ত নেবেন।’
মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের আরও বলেন,

তার (পুতিনের) সিদ্ধান্ত যাই হোক না কেন, আমরা হয় এতে খুশি হব অথবা অসন্তুষ্ট হব। আর যদি আমরা এতে অসন্তুষ্ট হই, তাহলে যে ঘটনাগুলো ঘটবে তা আপনারা দেখতে পাবেন।
প্রতিবেদন মতে, যুদ্ধের অবসানের জন্য মার্কিন প্রেসিডেন্টের ‘চাপের মধ্যে’ পুতিন আগে বলেছিলেন যে তিনি মস্কোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে ইচ্ছুক। এর পরই মূলত ট্রাম্পের এই মন্তব্য এলো।

পুতিন তার সাম্প্রতিক চীন সফরের শেষে বলেছেন, ‘ডোনাল্ড (ট্রাম্প) আমাকে এমন একটি বৈঠকের জন্য বলেছিলেন। আমি বলেছিলাম, হ্যাঁ এটা সম্ভব। জেলেনস্কি মস্কোতে আসতে পারেন।’

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি জেলেনস্কির সঙ্গে এমন বৈঠকের সম্ভাবনা কখনও নাকচ করিনি। কিন্তু ওই বৈঠকে বসার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে?’
তবে, ইউক্রেন কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে, মস্কো সামরিকভাবে ইউক্রেনে তার লক্ষ্য অর্জন করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন পুতিন।

ইএ/এসএন

মন্তব্য করুন