© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেনাপোলে ২ দিন সব ধরনের আমদানি- রপ্তানি বন্ধ

শেয়ার করুন:
বেনাপোলে ২ দিন সব ধরনের আমদানি- রপ্তানি বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৪ এএম | ০৬ সেপ্টেম্বর, ২০২৫
সাপ্তাহিক ছুটি ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক আছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে ভারতের সঙ্গে কোনো আমদানি-রফতানি হয়নি। শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় সব কার্যক্রম চলবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক আছে। তবে ভিসা প্রদান স্বাভাবিক না হওয়ায় পাসপোর্টধারীর সংখ্যা কম রয়েছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, সরকারি ছুটির কারণে বন্দরের কার্যক্রম বন্ধ আছে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা খালি ভারতীয় গাড়ি যাতে ফেরত যেতে পারে সে ব্যবস্থা চালু রাখা হয়েছে।

বন্দরের তথ্য মতে, বর্তমানে প্রতিদিন ভারত থেকে গড়ে ২৫০ ট্রাক পণ্যের আমদানি ও ৫০ ট্রাক পণ্য ভারতে রফতানি হয়ে থাকে। আমদানি বাণিজ্য থেকে সরকারের দিনে রাজস্ব আসে ১৫ কোটির মতো।

কেএন/টিএ

মন্তব্য করুন