© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি কোনো চাঁদাবাজদের মনোনয়ন দেবে না: হেলেন জেরিন খান

শেয়ার করুন:
বিএনপি কোনো চাঁদাবাজদের মনোনয়ন দেবে না: হেলেন জেরিন খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৮ এএম | ০৭ সেপ্টেম্বর, ২০২৫
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্লিন ইমেজের নেতা ছাড়া কোনো চাঁদাবাজ ও দখলদারকে মনোনয়ন দেবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও ইডেন কলেজের সাবেক ভিপি হেলেন জেরিন খান।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুর শহরের রেন্ড্রিতলা পৌর কৃষকদল আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

হেলেন জেরিন খান বলেন, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হিসেবে কিছু দল কখনো প্রেসিডেন্টকে সরানোর কথা বলে, কখনো সংবিধান বাতিলের কথা তোলে, আবার কখনো পিআর বাস্তবায়ন, স্থানীয় সরকার বা গণপরিষদের দাবি তোলে। এই ধরনের রাজনীতি বাংলাদেশে চলতে পারে না।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ জাতীয় সংসদের নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। তাই সরকারকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের পথেই যেতে হবে। বিএনপি দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী যোগ্য ও ক্লিন ইমেজের নেতাদের মনোনয়ন দেবে। কোনো চাঁদাবাজ, ভূমি দখলকারী বা বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার সুযোগ নেই।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের সাবেক সভাপতি সরোয়ার হোসেন, মাদারীপুর জেলা মহিলা দলের সভাপতি লাইজু আক্তার, সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান খান। সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর পৌর কৃষকদলের আহবায়ক জাহিদুল ইসলাম। 

কেএন/টিকে

মন্তব্য করুন