© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এলইডি স্ক্রিনে ডাকসুর ভোট গণনা পর্যবেক্ষণ করছেন শিক্ষার্থীরা

শেয়ার করুন:
এলইডি স্ক্রিনে ডাকসুর ভোট গণনা পর্যবেক্ষণ করছেন শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫২ পিএম | ০৯ সেপ্টেম্বর, ২০২৫
শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এরইমধ্যে চলছে ভোট গণনা। তবে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বাইরে স্থাপিত বড় এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনা দেখছেন ভোটাররা। প্রথমবারের মতো এমন আয়োজন করায় উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে শুরু হয়ে বিরতিহীন বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। অভিযোগ-পাল্টা অভিযোগ এলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় ডাকসুর ৩৮তম নির্বাচন।

এদিকে, এলইডি স্ক্রিনে ভোট গণনা দেখতে কার্জন হলের সামনে ভিড় করেছেন উৎসুক জনতাও। প্রতিটি ভোটের হিসাব তারা সরাসরি দেখছেন। এমন স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট গণনা হওয়ায় ভোটারদের মাঝেও বেড়েছে আগ্রহ। জানা গেছে, দুপুর আড়াইটা পর্যন্ত উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে ৮০ শতাংশ। 

একই সময়ে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে ৮২ শতাংশ ভোট পড়ে। কবি জসিম উদদীন হলের ১ হাজার ৬৪ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ১ হাজার ২১২ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১ হাজার ৩৫০ জন ও মাস্টারদা সূর্যসেন হলের ১ হাজার ২৭৪ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। সবচেয়ে বেশি ভোট পড়েছে জসিমউদ্দীন হলে।

এবারের ডাকসু নির্বাচনে ভোটার রয়েছেন ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন ও ছাত্র ২০ হাজার ৯১৫ জন। ডাকসুতে ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে বিভিন্ন পদে লড়ছেন ৬২ জন ছাত্রী। ভোট গণনা শেষে আজই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইউটি/টিএ




মন্তব্য করুন