© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকার ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে নয়: ওবায়দুল কাদের

শেয়ার করুন:
সরকার ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে নয়: ওবায়দুল কাদের
own-reporter
০২:৩৪ পিএম | ১৩ অক্টোবর, ২০১৯

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার (আ.লীগ) ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে নয়। মাথাব্যথা হলে মাথা কেটে ফেলা কোনো সমাধান নয়।

রোববার দুপুরে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এর আগে সার্কিট হাউজে প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

কাদের বলেন, ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে আমরা নই। ছাত্ররাজনীতির কোনো দোষ নেই, ছাত্ররাজনীতির নামে যারা অপকর্ম করবে, তাদের আইনের আওতায় আনা হবে। রাজনীতিবিদদের অধিকাংশেরই হাতেখড়ি ছাত্র রাজনীতি থেকে। কাজেই মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা সমাধান নয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দলে শুদ্ধি অভিযান চলছে। মাদক, জুয়া, টেন্ডারবাজি, দুর্নীতিসহ সবধরনের অপকর্মের বিরুদ্ধে এই শুদ্ধি অভিযান। প্রথমে ঘর থেকে শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সবখানে এই অভিযান চালানো হবে।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বিষয়ে তিনি বলেন, চেয়ারম্যান নজরদারিতে রয়েছেন কি-না তা পরে জানা যাবে। তবে তিনি আত্মগোপনে নেই। আর যুবলীগের নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ আছে। তারা নজরদারিতে রয়েছেন।

বিকেলে আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ওবায়দুল কাদেরের।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন