© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ মিলাদ পড়ে নির্বাচনী বিসমিল্লাহ করবেন ওসমান হাদি

শেয়ার করুন:
আজ মিলাদ পড়ে নির্বাচনী বিসমিল্লাহ করবেন ওসমান হাদি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫০ পিএম | ১৯ সেপ্টেম্বর, ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। আজ শুক্রবার থেকে নির্বাচনী বিসমিল্লাহ করবেন তিনি। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ওসমান হাদি।


ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘শুক্রবার বিকেল ৪টায় শাহবাগ জাদুঘরের সামনে আবহমান বাংলার মিলাদ পড়ে নির্বাচনী বিসমিল্লাহ করব আমরা। তবারকে থাকবে ঐতিহ্যবাহী বাতাসা। আপনাদের সবাইকে দাওয়াত। আগামী সপ্তাহ শুধু আপনাদের পরামর্শ নোট করতে থাকব।’

এই পোস্টের সঙ্গে একটি নির্বাচনী প্রচারণা কার্ড যুক্ত করেন হাদি। তাতে লেখা আছে, আধিপত্যবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে শরিফ ওসমান হাদি। আপনাদের দোয়া ও পরামর্শ প্রত্যাশী।

এর আগে ১৪ সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে হাদি নির্বাচনের ঘোষণা দেন। সেই পোস্টে তিনি বলেন, ‘ঢাকা-৮-এর ভাই-বোনেরা, শাহবাগ মোড়ে মিলাদ পড়ে আগামী সপ্তাহে আমার নির্বাচনী জার্নির বিসমিল্লাহ বলব। আগামী শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বিকেলে আপনাদের পরামর্শ শোনার জন্য ঢাকা-৮-এর অলিগলিতে হাঁটব।’

এসএস/এসএন

মন্তব্য করুন