© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোনাদিয়ায় শিল্পকারখানা স্থাপন না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

শেয়ার করুন:
সোনাদিয়ায় শিল্পকারখানা স্থাপন না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
own-reporter
০৯:৪৭ পিএম | ২০ অক্টোবর, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনাদিয়া দ্বীপে কোন ধরনের শিল্প কারখানা স্থাপন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করে বলেছেন, কক্সবাজারের এই দ্বীপটিতে শুধুমাত্র ইকো ট্যুরিজম উন্নত করা হবে। রোববার প্রধানমন্ত্রী তার কার্যালয়ে (পিএমও) ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’ এর ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা উপভোগকালে সংশ্লিষ্টদের এই নির্দেশনা প্রদান করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনাদিয়া দ্বীপে কোন ধরনের শিল্প কারখানা স্থাপন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করে বলেছেন, কক্সবাজারের এই দ্বীপটিতে শুধুমাত্র ইকো ট্যুরিজম উন্নত করা হবে।

রোববার প্রধানমন্ত্রী তার কার্যালয়ে (পিএমও) ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’ এর ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা উপভোগকালে সংশ্লিষ্টদের এই নির্দেশনা প্রদান করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান।

ইহসানুল করিম বলেন, বাংলাদেশ অর্থনৈতিক জোন কতৃর্পক্ষ (বেজা) এই শিল্প নগরের বিভিন্ন আঙ্গিকগত দিক তুলে ধরে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী গভীর মনযোগের সঙ্গে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রত্যক্ষ করেন এবং এই বিষয়ে বেশ কিছু নির্দেশ প্রদান করেন।

তিনি বলেন, শেখ হাসিনা বেজা কর্তৃপক্ষকে শ্রমিকদের আবাসন এবং একইসাথে শিল্প এবং আইটি ক্ষেত্রের বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশের বিষয়ে লক্ষ্য রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে তিনি এই শিল্প নগরকে জলোচ্ছ্বাস এবং সাইক্লোন সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শিল্প, কর্মসংস্থান, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে বৈচিত্র্য আনয়নের মাধ্যমে দ্রুত অর্থনৈতিক বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে বেজা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর (বিএসএমএসএন)’ এর বিকাশ সাধন করছে।

চট্টগ্রাম এবং ফেনী জেলার তিনটি উপজেলা- মীরেরসরাই, সীতাকুন্ডু এবং সোনাগাজীর প্রায় ৩০ হাজার একর জমির ওপর বঙ্গোপসাগরের সন্দীপ চ্যানেলের তীরবর্তী ২৫ কিলোমিটার এলাকা নিয়ে এই শিল্প নগর প্রতিষ্ঠা হচ্ছে।

সূত্র: বাসস

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন