© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আমরা এভাবেই থাকি’, কলকাতার গণমাধ্যমকে সম্প্রীতির বার্তা দিলেন নওশাবা

শেয়ার করুন:
‘আমরা এভাবেই থাকি’, কলকাতার গণমাধ্যমকে সম্প্রীতির বার্তা দিলেন নওশাবা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৬ এএম | ২৮ সেপ্টেম্বর, ২০২৫
২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অনীক দত্ত পরিচালিত সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’। এ ছবির মাধ্যমে টলিউডে অভিষেক ঘটাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী কাজী নওশাবা। ছবিতে তিনি একজন বাংলাদেশি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, যিনি নিজের শিকড় খুঁজতে কলকাতায় আসেন। টলিউডের জনপ্রিয় অভিনেতা আবীর চ্যাটার্জির বিপরীতে অভিনয় করেছেন তিনি। 

প্রথম টলিউড সিনেমার মুক্তি নিয়ে নওশাবা বেশ উচ্ছ্বসিত। যদিও তিনি প্রচারণায় অংশ নিতে পারছেন না, তবুও তার মন পড়ে কলকাতায়। সম্প্রতি কো কলকাতা আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার অনুভূতি ব্যক্ত করেন।

কলকাতার রাস্তায় নিজের পোস্টারে আবীর চ্যাটার্জির সঙ্গে দেখতে পেয়ে নওশাবাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আসলে যেটা আমি স্বপ্ন দেখেছিলাম, সেটা এখন সত্যি হচ্ছে। যদিও আমি সেখানে উপস্থিত নেই, কিন্তু মনে হচ্ছে, কলকাতার অলিতে-গলিতে আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে।” 

নওশাবাকে তার অভিনীত সিনেমা, বাংলাদেশ প্রসঙ্গ এবং দুর্গাপূজা সম্পর্কেও প্রশ্ন করা হয়। এর আগে তিনি বেশ কয়েকবার দুর্গাপূজা উপলক্ষে থিম্যাটিক ফটোশুটও করেছেন। প্রশ্ন করা হয়, ‘বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতেও দুর্গা সেজে রাস্তায় ঘুরতে পারেন?’ জবাবে তিনি বলেন,



“হ্যাঁ, একেবারেই পারি। এই জুলাই আন্দোলনের পরপরও দুর্গাকে নিয়ে একটা শুট করেছি। আমাদের কিছু বিক্ষিপ্ত ঘটনাকে বড় করে দেখানো হয়। আমি কোনো বাউন্সার ছাড়াই দুর্গা সেজে শুট করছি, আর বোরকা পরা মেয়েরা এসে আমাকে জড়িয়ে ধরছেন। এটা খুব স্বাভাবিক একটি বিষয়। আমরা এভাবেই থাকি।”

নওশাবা আরও উল্লেখ করেন, “ছোটবেলায় তো সর্দি-কাশি হলে তুলসী পাতা খেতাম। আমার দাদুর বাড়িতে তুলসী গাছ ছিল। এখন দেখি এসব নিয়ে কত কথা হয়। পুরাতন ঢাকায় কিন্তু দুর্গাপূজা আসছে মানে, ২৩ তারিখ থেকে সব বন্ধ হয়ে যায়।”

ছবিটি ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে নির্মিত হয়েছে। এর প্রযোজক প্রভাল হালদার ও ফিরদৌসল হাসান। সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। শারদীয় দুর্গোৎসবের সময়ে মুক্তি পাচ্ছে সিনেমাটি এবং ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়েছে প্রচার-প্রচারণা। শহরের বিভিন্ন স্থানে ছেয়ে গেছে ছবির পোস্টার, প্রকাশ পেয়েছে টিজার ও ট্রেলারও।

ইউটি/টিএ


মন্তব্য করুন