© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: গিয়াস কাদের চৌধুরীর তিন বছর কারাদণ্ড

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: গিয়াস কাদের চৌধুরীর তিন বছর কারাদণ্ড
own-reporter-chattogram
০৩:১৬ পিএম | ৩০ অক্টোবর, ২০১৯

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত, অনাদায়ে আরও তিন মাস জেল দেয়া হয়েছে।

বুধবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালত এ রায় দেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি সমীর দাশগুপ্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই গিয়াস কাদের চৌধুরী এ মামলায় জামিন নিয়ে পলাতক রয়েছেন।

দলীয় সমাবেশে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, হত্যার হুমকি ও মানহানির অভিযোগে গত বছরের ৩১ মে মামলাটি করা হয়। ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরি বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় বলা হয়, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৯ মে চট্টগ্রামের ফটিকছড়িতে এক আলোচনাসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। এর পর তার বিরুদ্ধে ছয়টি মামলা হয়।

এ মামলায় এর আগে কারাগারে পাঠানো হয়েছিল গিয়াস কাদেরকে। গত বছরের ২৩ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করতে গেলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

একাদশ সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছিলেন। পরে তার মনোনয়ন বাতিল করা হয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন