কিডনি দান করেও গোমেজের বিয়েতে দাওয়াত পাননি সেই বান্ধবী
ছবি: সংগৃহীত
০৭:৫৭ পিএম | ০৬ অক্টোবর, ২০২৫
সদ্যই বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। গত বছরের ডিসেম্বরে বেনির সঙ্গে বাগদান সেরেছিলেন এই বিশ্বখ্যাত পপ তারকা। এর নয় মাসের মাথায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা; পরিণয় ঘটলা তাদের দীর্ঘদিনের প্রেমের।
আর সেলেনার বিয়ের সংবাদে উচ্ছ্বসিত তার পরিবার, বন্ধু থেকে শুরু করে অনুরাগীরা। তবে একজন এই বিয়েতে বরং কষ্টই পেয়েছেন। তিনি সেলেনা গোমেজের বন্ধু, যিনি কিডনি দিয়ে গোমেজের জীবন বাঁচিয়েছিলেন।
আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে এই সংবাদ।
যিনি একসময় নিজের কিডনি দান করে সেলেনার জীবন বাঁচিয়েছিলেন, সেই ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী ফ্রান্সিয়া রাইসা এবার নাকি বিয়ের দাওয়াতই পাননি! এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। তোপের মুখে পড়েছেন বিশ্বখ্যাত পপস্টার সেলেনা।
সালটা ২০১৭, লুপাসজনিত জটিলতার কারণে কিডনি প্রতিস্থাপন করতে হয় সেলেনা গোমেজকে। তখন তার জীবন বাঁচাতে বন্ধুত্বের এক অনন্য নজির স্থাপন করেন অভিনেত্রী ফ্রান্সিয়া রাইসা নিজের একটি কিডনি দান করে সেলেনার প্রাণ ফিরিয়ে দেন তিনি।
কিন্তু সেই বন্ধুত্ব যেন আর আগের মতো নেই!
গোমেজ ও রাইসার দুরত্বের ঘটনাটি প্রকাশ্যে আসে গোমেজের বিয়ের কয়েকদিনেই। গোমেজের বিয়েতে অনুপস্থিত থাকার বিষয়টি রাইসার পোস্টগুলোর কারণে স্পষ্ট হয়। কারণ, সেই বিয়েতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন হাই-প্রোফাইল অতিথি, যাদের মধ্যে ছিলেন টেইলর সুইফট, এড শিরান, এসজেডএ এবং ক্যামিলা কাবেলো।
গোমেজের ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিরিজের সহ-অভিনেতা স্টিভ মার্টিন ও মার্টিন শর্টও উপস্থিত ছিলেন এবং শোনা যায়, তারা বক্তৃতাও দিয়েছেন। পিপল এবং ইনস্টাইলসহ বিভিন্ন সংবাদমাধ্যম অতিথিদের তথ্য ও ছবি প্রকাশ করেছে, তবে কোথাও রাইসার নাম উল্লেখ করা হয়নি।
আইকে/টিকে