© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বলিউডে হরর সিনেমার নবজন্ম

শেয়ার করুন:
বলিউডে হরর সিনেমার নবজন্ম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১১ পিএম | ০৬ অক্টোবর, ২০২৫
কখনো ‘ক্রিঞ্জ’ বা প্রান্তিক ঘরানা বলে উপহাস করা বলিউডের হরর সিনেমা এখন নতুন রূপে ফিরেছে। ভয়, রোমাঞ্চ, হাস্যরস আর পৌরাণিক মিশেলে তৈরি হচ্ছে এক ভিন্ন জগত, যেখানে দর্শক যেমন মজা পাচ্ছে, তেমনি প্রযোজকরাও দেখছেন লাভজনক ভবিষ্যৎ।

বলিউডে ভয়ের গল্প একসময় মানেই ছিল কম বাজেট, অগভীর কাহিনি আর সস্তা চমক। সেই ধারা বদলে দিচ্ছে নতুন প্রজন্মের নির্মাতারা। রামসে পরিবারের উত্তরসূরি দীপক রামসে জানালেন, যে ঘরানাকে একসময় সীমিত দর্শকের জন্য ভাবা হতো, আজ তা হয়ে উঠছে ব্লকবাস্টার। লাখ টাকার সিনেমা এখন কোটি টাকার প্রজেক্টে রূপ নিচ্ছে। উন্নত প্রোস্টেটিকস, নিখুঁত সিজিআই, আর মূলধারার তারকাদের আগমনে বলিউডে হরর ঘরানার অবস্থান বদলে গেছে পুরোপুরি।



এই নতুন ঢেউয়ের নেতৃত্বে আছেন পরিচালক আদিত্য সারপোৎদার। তার নতুন ছবি ‘থামা’, ভারতের প্রথম ভ্যাম্পায়ার প্রেমকাহিনি নিয়ে তুমুল আলোচনায় রয়েছেন আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা। প্রেম, রক্ত আর গানের সুরে ভরা এই সিনেমা যেন প্রমাণ করছে, ভয়ের গল্পও এখন বিনোদনের মূলধারায় জায়গা করে নিয়েছে।

বলিউডে হররের যাত্রা শুরু ‘মহল’ (১৯৪৯) থেকে। এরপর ‘ভূত’, ‘ভুলভুলাইয়া’, ‘তুম্বাড’ আর ‘স্ত্রী’-এর মতো সিনেমা বদলে দিয়েছে এই ঘরানার চেহারা। আজকের নির্মাতারা ভয়ের সঙ্গে হাস্যরসের মিশেল ঘটিয়ে তৈরি করছেন পারিবারিক উপভোগ্য সিনেমা যেখানে ভীতির মাঝেও আছে আনন্দের ছোঁয়া।

সারপোৎদার বলেন, “গণদর্শকের কাছে পৌঁছাতে গেলে হাস্যরসই মূল চাবিকাঠি।” তার এই কথার মধ্যেই ধরা পড়ে বলিউডের নতুন দৃষ্টিভঙ্গি। ভয়ের গল্প আর গা ছমছমে দৃশ্য এখন শুধু বিনোদন নয়, বরং সৃজনশীলতারও নতুন ক্যানভাস।

একদা ছায়ায় ঢাকা এই ঘরানা আজ আলো ছড়াচ্ছে আগের চেয়েও উজ্জ্বলভাবে রক্তিম, ভয়াল, তবু মোহময়।


আইকে/টিকে

মন্তব্য করুন