© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশের সব আদালতের অনলাইন কার্যতালিকা হালনাগাদ করার নির্দেশ

শেয়ার করুন:
দেশের সব আদালতের অনলাইন কার্যতালিকা হালনাগাদ করার নির্দেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫০ পিএম | ০৭ অক্টোবর, ২০২৫
দেশের সব আদালতের অনলাইন কার্যতালিকা নিয়মিত যথাযথভাবে হালনাগাদ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

সুপ্রিম কোর্টের নির্দেশনায় বলা হয়, অনলাইন কার্যতালিকা ব্যবস্থার উন্নয়ন করা হলেও দেশের প্রতিটি জেলার আদালতগুলোতে কার্যতালিকার তথ্য প্রতিদিন হালনাগাদ করা হচ্ছে না। যার কারণে বিচারপ্রার্থী জনগণকে তাদের মামলা সম্পর্কে তথ্য জানার জন্য আদালতে আসতে হচ্ছে।

ফলে বিচার বিভাগ থেকে সেবাগ্রহীতারা বিচার বিভাগসংশ্লিষ্ট তথ্য প্রাপ্তিতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিচার বিভাগে ডিজিটালাইজেশনের সুফল বিচারপ্রার্থীদের কাছে পৌঁছে দিতে অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত হালনাগাদ করা একান্ত আবশ্যক।

সুপ্রিম কোর্টের নির্দেশনায় আরো বলা হয়, বিচারব্যবস্থা আধুনিকায়নের নিমিত্তে ও বিচারিক সেবা সহজীকরণের লক্ষ্যে দেশের সব আদালতের অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত হালনাগাদকরণের জন্য এই কোর্ট থেকে নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করা হলেও তা যথাযথভাবে পালন করা হচ্ছে না। তাই বিচারব্যবস্থা আধুনিকায়নের নিমিত্তে ও বিচারিক সেবা সহজীকরণের লক্ষ্যে দেশের সব আদালতের অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত হালনাগাদ করতে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হলো।

এসএস/টিকে

মন্তব্য করুন