© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ ঢাকার ৪ এলাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

শেয়ার করুন:
আজ ঢাকার ৪ এলাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৯ এএম | ০৮ অক্টোবর, ২০২৫
বায়ুদূষণে বিশ্বের শহরের তালিকায় আজ অষ্টম স্থানে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৪৫ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আজ বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টায় বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি।

আজ ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ১১ গুণ বেশি রয়েছে।

এ সময় ঢাকার চারটি এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এলাকাগুলো হল -কল্যাণপুর, মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা, মিরপুর ৬ এর শিয়ালবাড়ি অফিসার্স কোয়ার্টার এলাকা এবং মাদানি সরণির বেজ এজওয়াটার। এছাড়া গোড়ান ও গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আজ বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে মিসরের কায়রো। তালিকায় এর পরেই রয়েছে যথাক্রমে বাহারাইনের মানামা, ভারতের কলকাতা, পাকিস্তানের লাহোর, কাতারের দোহা, উগান্ডার কাম্পালা। শহরগুলোর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

পিএ/টিকে

মন্তব্য করুন