অধ্যাপক তোফায়েল আহমেদের বাসভবনে জামায়াতের আমির
ছবি: সংগৃহীত
০৯:০৬ পিএম | ১৮ অক্টোবর, ২০২৫
শিক্ষাবিদ ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদের রাজধানীর উত্তরার বাসভবনে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৮ অক্টোবর) সকালে অধ্যাপক তোফায়েল আহমেদের বাসভবনে যান তিনি। সেখানে তিনি মরহুমের স্মৃতিবিজড়িত লাইব্রেরি ও পড়ার কক্ষে খানিকটা সময় কাটান।
সাত দশকের বর্ণাঢ্য জীবনের অধিকারী ড. তোফায়েল জীবন সায়াহ্নে অন্তর্বর্তী সরকার অর্পিত দায়িত্ব স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ছিলেন।
তিনি এসংক্রান্ত সংস্কারের বিস্তৃত সুপারিশ রেখে গেছেন, যা তার জীবদ্দশায় বাংলায় মুদ্রিত হয়েছে। জামায়াতের আমির সেই সুপারিশ বইয়ের কপিটা নেড়েচেড়ে দেখেন। এ সময় মরহুমের সহধর্মিণী মাসুদা আক্তার চৌধুরী, একমাত্র কন্যা সাদিয়া আহমেদ এবং নাতনি সাজফা বিনতে সরওয়ারের খোঁজখবর নেন।
এ সময় জামায়াতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিলেটের প্রতিষ্ঠিত দৈনিক জালালাবাদের সম্পাদক সিনিয়র সাংবাদিক মুকতাবিস-উন-নূর এবং সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ড. তোফায়েল আহমদ গত ৮ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে আগের দিন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এমকে/টিকে