বাংলাদেশিদের জন্য মালদ্বীপে জরুরি নির্দেশনা
ছবি: সংগৃহীত
০৯:০৬ পিএম | ২৪ অক্টোবর, ২০২৫
মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে বাংলাদেশ হাইকমিশন। যারা এখনো বায়োমেট্রিক তথ্য নিবন্ধন করেননি, তাদের দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। হাইকমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে (১৫ নভেম্বর) নিবন্ধন না করলে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত কার্যকর হতে পারে।
শুক্রবার (২৪ অক্টোবর) বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের রাজধানী মালেতে অবস্থিত জাতীয় তথ্যপ্রযুক্তি কেন্দ্র (এনসিআইটি) ভবন অথবা নিকটস্থ আইল্যান্ড কাউন্সিল কার্যালয়ে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে (১৫ নভেম্বর) বায়োমেট্রিক তথ্য নিবন্ধন করতে হবে।
হাইকমিশন নিশ্চিত করেছে, আগে যারা বায়োমেট্রিক তথ্য দেননি-এমন নতুন এবং পুরনো, বৈধ বা নথিহীন (অনথিভুক্ত) সকল বাংলাদেশিকেই এই তথ্য জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও কঠোরভাবে বলা হয়েছে, যেসব প্রবাসী বাংলাদেশি বায়োমেট্রিক তথ্য নিবন্ধন করবেন না, মালদ্বীপ কর্তৃপক্ষ তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে। হাইকমিশন মালদ্বীপে বসবাসকারী সকল বাংলাদেশিকে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে সচেতন হওয়ার এবং দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার বিশেষ অনুরোধ জানিয়েছে।
এবি/টিকে
এবি/টিকে