© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমার স্ট্যাটাসের সঙ্গে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই : পূর্ণিমা

শেয়ার করুন:
আমার স্ট্যাটাসের সঙ্গে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই : পূর্ণিমা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৮ পিএম | ২৫ অক্টোবর, ২০২৫
ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূর্ণিমার এক ফেসবুক পোস্টকে ঘিরে ওঠে গুঞ্জনের ঝড়! অনেকেই ধারণা করেন, এই তারকার সাথে স্বামী আশফাকুর রহমান রবিনের হয়তো দূরত্ব তৈরী হয়েছে!

তবে এবার সেই গুঞ্জনের জবাব নিজেই দিয়েছেন পূর্ণিমা। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আগের পোস্টের ব্যাখ্যা দিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি। পোস্টে স্বামী আশফাকুর রহমানকেও ট্যাগ দেন পূর্ণিমা।

সেখানে পূর্ণিমা জানান, তার আগের ফেসবুক পোস্ট ছিল না কোনো ব্যক্তিগত সংকটের ইঙ্গিত, বরং জীবনের অভিজ্ঞতার ভাবনাই লিখেছিলেন তিনি।

এ বিষয়ে অভিনেত্রী লেখেন,“সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না। এদের অধিকাংশই সুযোগসন্ধানী কৃত্রিম বন্ধু। এরা সব সময়ই নিজের স্বার্থ উদ্ধারে ব্যতিব্যস্ত থাকে। দুর্দিনে এদের খুঁজে পাওয়া ভার! আমার দেওয়া স্ট্যাটাসটি থেকে এমনটাই বোঝানো হয়েছিল।”

পূর্ণিমা আরও বলেন, “আসলে প্রতিটি মানুষের চারপাশে যা কিছু ঘটে, এসবকে কেন্দ্র করেই স্ট্যাটাসটা লেখা হয়েছিল। দিনশেষে আমিও একজন মানুষ। সবার মতো আমারও কমবেশি কাছের-দূরের মানুষ রয়েছে। এ কারণে আমাকেও সুসময়ের বন্ধু ও স্বার্থপরদের ফেইস করতে হয়েছে।”



তবে অভিনেত্রীর আক্ষেপ, তার লেখাটি ভুলভাবে ব্যাখ্যা করেছেন অনেকেই। তার ভাষ্য,“লেখাটির কিছু অংশ আগে-পিছে না বুঝে অনেকে আমার পারিবারিক জীবনের সাথে মিলিয়ে ফেলেছে!

সেখান থেকে কিছু সংবাদমাধ্যম সত্যতা নিশ্চিত না করে চটকদার শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে, যা আমাকে বিস্মিত ও মর্মাহত করেছে।”

পূর্ণিমা স্পষ্ট করে জানান,“আমার দেওয়া স্ট্যাটাসের সাথে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি।”

শেষে তিনি আরও কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, “আমার দীর্ঘ ক্যারিয়ারে শুরু থেকে দেশ-বিদেশের অগণিত মানুষের ভালোবাসার পাশাপাশি সংবাদকর্মীদেরও সাপোর্ট পেয়েছি। আশা রাখি, আগামীতেও আমার প্রতি তাদের ভালোবাসা অব্যাহত থাকবে।”

এমকে/এসএন

মন্তব্য করুন