© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাড্ডায় অবৈধ ব্যানার-ফেস্টুন সরাতে ডিএনসিসির অভিযান

শেয়ার করুন:
বাড্ডায় অবৈধ ব্যানার-ফেস্টুন সরাতে ডিএনসিসির অভিযান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৩ পিএম | ২৫ অক্টোবর, ২০২৫
রাজধানীর মেরুল বাড্ডা, মধ্য বাড্ডা, দক্ষিণ বাড্ডা ও উত্তর বাড্ডা এলাকায় অবৈধ ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শনিবার (২৫ অক্টোবর) ডিএনসিসির পক্ষ থেকে বাড্ডা এলাকায় এসব ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়।

পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া কর্মীরা জানান, ডিএনসিসির কর্মীরা নিয়মিত বিভিন্ন এলাকায় অবৈধ পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করছে। এরই অংশ হিসেবে আজ ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মেরুল বাড্ডা, মধ্য বাড্ডা, দক্ষিণ বাড্ডা, উত্তর বাড্ডা এলাকায় রাস্তার সব অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়েছে। ডিএনসিসির প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা এসব ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের কাজ পরিচালনা করছি।

এর আগে, শহরের সৌন্দর্য নষ্ট করে শহরের বিভিন্ন জায়গায় দেয়াল লিখন ও পোস্টার লাগালে আইনি ব্যবস্থা নেবে বলে এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ডিএনসিসি।

এতে বলা হয়, দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ধারা ৩ ও ৪ মোতাবেক সিটি কর্পোরেশন এলাকায় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিষেধ। এ আইনের ধারা ৬ মোতাবেক অর্থ ও কারাদণ্ডের বিধান রয়েছে।

এ অবস্থায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যে সব প্রতিষ্ঠান বা ব্যক্তি অবৈধভাবে দেয়ালে লিখেছেন বা পোস্টার লাগিয়েছে, তাদেরকে নিজ দায়িত্বে সব দেয়াল লিখন ও পোস্টার অপসারণ করে দেয়ালে পুনরায় রং করার জন্য অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাস্তায় ময়লা ফেলা যাবে না। যত্রতত্র ময়লা ফেলা শাস্তিযোগ্য অপরাধ। যে সব প্রতিষ্ঠান বা ব্যক্তির দেয়াল লিখন বা পোস্টার লাগানো অথবা যত্রতত্র ময়লা ফেলার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে উক্ত আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এমকে/টিকে

মন্তব্য করুন