© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জিরাফ শূন্য হয়ে গেল গাজীপুর সাফারি পার্ক

শেয়ার করুন:
জিরাফ শূন্য হয়ে গেল গাজীপুর সাফারি পার্ক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১১ এএম | ২৬ অক্টোবর, ২০২৫
টিবি রোগে আক্রান্ত হয়ে গাজীপুর সাফারি পার্কের সর্বশেষ জিরাফটিও মারা গেছে। মারা যাওয়া জিরাফটি ছিল স্ত্রী প্রজাতির। এটির মৃত্যুর পর পার্কটি জিরাফ শূন্য হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার জিরাফটির মৃত্যু হলেও আজ শনিবার গণমাধ্যমে তথ্যটি জানানো হয়।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, দীর্ঘদিন ধরে সাফারি পার্কের সর্বশেষ জিরাফটি টিবি আক্রান্ত হয়ে অসুস্থ ছিল। জিরাফটিকে সুস্থ করতে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। মেডিকেল বোর্ডের সবশেষ চেষ্টা ব্যর্থ করে গত বৃহস্পতিবার পার্কের ভেতরেই জিরাফটির মৃত্যু হয়। মৃত্যুর পর জিরাফটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। তারপর পার্কের ভেতরেই সেটিকে মাটিচাপা দেওয়া হয়। এই জিরাফটির মৃত্যুর মাধ্যমে পার্কটি জিরাফ শূন্য হয়ে পড়ল।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, ‘জিরাফ মৃত্যুর ঘটনায় গাজীপুরের শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে পার্ক কর্তৃপক্ষ। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পার্ক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে পার্ক প্রতিষ্ঠার সময় দুই দফায় দক্ষিণ আফ্রিকা থেকে ১০টি জিরাফ আনা হয়। আন্তর্জাতিক প্রাণী বিপণন প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্সের মাধ্যমে জিরাফগুলো আমদানি করে কর্তৃপক্ষ। এরপর ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে আরও চারটি জিরাফ বাচ্চা দেয়। অন্যদিকে, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে রোগাক্রান্ত হয়ে বেশ কিছু জিরাফ মারা যায়। সর্বশেষ একটি স্ত্রী জিরাফ টিকে ছিল। একটির মৃত্যুর পর পার্কে আর কোনো জিরাফ রইলো না বলে জানিয়েছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান।

এবি/টিকে

মন্তব্য করুন