রেলপথ উপদেষ্টা / পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে যাওয়া নাশকতা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে
ছবি: সংগৃহীত
০৭:৩৯ পিএম | ২৬ অক্টোবর, ২০২৫
রাজধানীতে মেট্টোরলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে যাওয়া নাশকতা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রবিবার (২৬শে অক্টোবর) মেট্রোরেল দুর্ঘটনা স্থান পরিদর্শনের সময়ে তিনি এ মন্তব্য করেন। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত আবুল কালামের মরদেহ দেখতে যান উপদেষ্টা। বিকেলে তিনি জানান, মেট্রোরেলের আগারগাঁও থেকে উত্তরা অংশে ট্রেন চলাচল শুরু হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া তাঁর পরিবারে কর্মক্ষম কোনো ব্যক্তি থাকলে তাঁকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে।
উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, দুর্ঘটনার তদন্তে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
তিনি বলেন, পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে যাওয়া নাশকতা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পুনরায় ট্রেন চালু হতে কিছুটা সময় লাগবে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, বাকি অংশ চালু করতে কিছুটা সময় লাগবে। কারণ ক্রেন আনতে হবে এবং দুর্ঘটনা পুনরায় যাতে না ঘটে, সে জন্য মেরামতের পর পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।
এসএন