© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোলায় সালিশ বৈঠকে আ’লীগ-যুবলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ২৫

শেয়ার করুন:
ভোলায় সালিশ বৈঠকে আ’লীগ-যুবলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ২৫
district-correspondent
০৬:৪১ পিএম | ২৩ নভেম্বর, ২০১৯

ভোলা সদর উপজেলায় জুয়া খেলা নিয়ে মারধরের ঘটনায় গ্রাম্য সালিশের বৈঠকে আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের রৌদেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গত বুধবার জুয়া খেলাকে কেন্দ্র করে রাজাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক গ্রুপের হারুনের সঙ্গে পশ্চিম ইলিশা ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মামুন বেপারী গ্রুপের মারামারির ঘটনা ঘটে। শনিবার সকালে এ ঘটনার মীমাংসার জন্য দুপক্ষকে নিয়ে বৈঠকে বসেন রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন ও পশ্চিম ইলিশা ইউনিয়নের গণমান্য ব্যক্তিরা।

বৈঠকে উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে আগামী শনিবার চূড়ান্ত সালিশের দিন নির্ধারণ করা হয়। কিন্তু দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ২৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন বলেন, সমঝোতার বিষয়ে উভয়পক্ষকে নিয়ে বসে সালিশের দিন নির্ধারণ করি। এ সময় হঠাৎ উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ লাগে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রতন কুমার জানান, সংঘর্ষের খবরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। উভয় পক্ষই লাঠিসোটা ও দেশীয় দা ব্যবহার করে।

তিনি বলেন, দুপক্ষের কেউই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন