রেদওয়ান রনির নতুন চমক ‘দম’, কে হচ্ছেন নায়িকা?
ছবি: সংগৃহীত
১২:০৫ পিএম | ৩০ অক্টোবর, ২০২৫
জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি আবারও চমক নিয়ে হাজির হয়েছেন। চোরাবালি, আইসক্রিম সিনেমার পর এবার ‘দম’ সিনেমার কথা প্রকাশ করেছেন তিনি। এ নিয়ে তোড়জোড় চলছিল বেশ কিছুদিন থেকে। সিনেমার নায়কও ঠিক করে ফেলেছেন এর মধ্যে। তবে নায়িকা কে হবে সেটি ছিল এক রহস্য। কিন্তু সে রহস্য ফাঁস হলো সিনেমার মহরতে।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শুটিং ক্লাবে ‘দম’ সিনেমার মহরতে নায়িকা হিসেবে পূজা চেরির নাম ঘোষণা করা হয়। তার সাথে থাকছেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। ঘোষণার পরপরই পালকিতে করে মঞ্চে হাজির হন পূজা চেরি। এসময় পালকি থেকে পূজাকে হাত ধরে নামান চঞ্চল-নিশো। খয়েরি রঙয়ের শাড়িতে পালকি থেকে নেমে হাসিমুখে পূজা চেরি জানালেন, অনেক কথা সাজিয়ে এসেছিলেন বলার জন্য, কিন্তু অনুষ্ঠানের মঞ্চে উঠে সব গুলিয়ে ফেলেছেন তিনি। এ সময় তিনি বলেন, ”দম সিনেমায় অডিশন দিয়েই চূড়ান্ত হয়েছেন তিনি।”

পূজা চেরি আরও বলেন, ‘দম সিনেমার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ আমাকে এই সিনেমায় যুক্ত করার জন্য। এই সিনেমার চরিত্রটির জন্য আমাকে অডিশন দিতে হয়েছে। এরপর আমাকে চূড়ান্ত করা হয়েছে। এর আগে ছোটবেলায় চঞ্চল দাদার সঙ্গে কাজ করলেও, নিশো ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করা হবে। আশা করছি সবাই মিলে ভালো একটি কাজ উপহার দিতে পারব।’
দম সিনেমাটি মূলত একটি সারভাইভাল গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সত্য ঘটনার অনুপ্রেরণায় বানানো হয়েছে এর কাহিনি। দুই বছর আগে প্রকাশিত পোস্টারে দেখা গিয়েছিল, চারপাশে পাহাড়বেষ্টিত মরুভূমিতে একটি গাধার সামনে হাঁটু গেড়ে বসে আছে এক ছেলে, তার চোখ বাঁধা। ধারণা করা হচ্ছে, উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি দেয়া প্রবাসীদের সংগ্রামের গল্প ফুটে উঠবে সিনেমায়। প্রথমবারের মতো রেদওয়ান রনির সঙ্গে কাজ করছেন আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি।
টিএম/এসএন
টিএম/এসএন