© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্রান্সে নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে প্রবাসীদের ভোটার নিবন্ধন

শেয়ার করুন:
ফ্রান্সে নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে প্রবাসীদের ভোটার নিবন্ধন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৭ পিএম | ০২ নভেম্বর, ২০২৫
নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। একই সময়ে চালু করা হবে ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ। যার মাধ্যমে বিদেশে বসবাসরত বাংলাদেশিরা অনলাইনে ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করতে পারবেন।

বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল।
দূতাবাস সূত্রে জানা গেছে, ফ্রান্সসহ আরও একাধিক দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

ইসি জানিয়েছে, বিদেশে বসবাসকারী যে কোনো বাংলাদেশি নাগরিক অনলাইনে ফর্ম-২এ পূরণ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট, অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদ এবং সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পিতা-মাতার এনআইডি, শিক্ষাগত যোগ্যতার সনদ, বিবাহ সনদ ও বাসস্থানের প্রমাণপত্রও জমা দিতে হতে পারে।

আবেদন জমা দেওয়ার পর ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করবে। তথ্য যাচাই-বাছাই শেষে আবেদন অনুমোদিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর প্রক্রিয়া শুরু হবে।

অনেক দিন ধরে প্রবাসীরা যে নাগরিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন, তার বাস্তবায়নের পথে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরপি/এসএন

মন্তব্য করুন