পারমাণবিক পরীক্ষার প্রস্তাব তৈরির কাজ চলছে : রুশ পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
০২:৪৯ এএম | ০৯ নভেম্বর, ২০২৫
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শনিবার জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে সম্ভাব্য রুশ পারমাণবিক পরীক্ষার প্রস্তাব তৈরির কাজ চলছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।
তাসের প্রতিবেদনে ল্যাভরভের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘৫ নভেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে নির্দেশ দিয়েছেন, তা বাস্তবায়নের জন্য গ্রহণ করা হয়েছে এবং এর ওপর কাজ চলছে। ফলাফল জনসাধারণকে জানানো হবে।
এই নির্দেশের পেছনে কারণ হলো, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ঘোষণা—যাতে তিনি বলেন যে যুক্তরাষ্ট্র আবার পারমাণবিক পরীক্ষা শুরু করবে।
তাস আরো জানায়, ল্যাভরভ বলেছেন, রাশিয়া এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছ থেকে ট্রাম্পের ওই নির্দেশনা সম্পর্কে কোনো ব্যাখ্যা পায়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক দ্রুত অবনতির দিকে গেছে। ইউক্রেন যুদ্ধের অবসানের কোনো অগ্রগতি না হওয়ায় হতাশ ট্রাম্প নির্ধারিত পুতিন-ট্রাম্প বৈঠক বাতিল করেছেন এবং জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর এটাই প্রথমবারের মতো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
ইউটি/টিএ