© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘পুতুলনাচের ইতিকথা’র অভিনেত্রী ভদ্রা আর নেই

শেয়ার করুন:
‘পুতুলনাচের ইতিকথা’র অভিনেত্রী ভদ্রা আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৫ পিএম | ১৫ নভেম্বর, ২০২৫
প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু। শুক্রবার গভীর রাতে মৃত্যু হয়েছে তার। নিমতলা ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয় ৬৫ বছর বয়সী এই অভিনেত্রীর।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি গলব্লাডারে স্টোন ধরা পড়েছিল তার। সেই সময় অতিরিক্ত রক্তচাপ এবং হৃদযন্ত্রে কিছু সমস্যা ছিল। তাই অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। ওষুধের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছিল। হঠাৎ ঘরে পড়ে মস্তিষ্কে আঘাত পান।

এরপর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার হয় বর্ষীয়ান অভিনেত্রীর। বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে জটিল অস্ত্রোপচার হয়। মাঝে আবার কিডনির সমস্যাও দেখা গিয়েছে। তবে শুক্রবার রাতে সব শেষ।

প্রখ্যাত নাট্য নির্দেশক তথা অভিনেতা অসিত বসুর স্ত্রী ভদ্রা। সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ এবং অনিলাভ চট্টোপাধ্যায়ের ‘বেলা’ ছবিতে দেখা গেছে তাকে। ‘বেলা’ই ছিল তার অভিনীত শেষ ছবি। অভিনয়ের বাইরে একাধিক জনপ্রিয় নাটক পরিচালনাও করেছেন তিনি।

তার পরিচালিত নাটক ‘গওহরজান’ ছিল বেশ জনপ্রিয়। অভিনেত্রীর দুই মেয়ে দামিনী বসু এবং আনন্দী বসু নিয়মিত মঞ্চে অভিনয় করেন।

কেএন/টিএ

মন্তব্য করুন