শাকসুর তফসিল ঘোষণা, ভোট ১৭ ডিসেম্বর
ছবি: সংগৃহীত
১০:০২ পিএম | ১৬ নভেম্বর, ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৭ ডিসেম্বর।
আজ (১৬ নভেম্বর) রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ এই তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী আগামী ২০ নভেম্বর প্রকাশ করা হবে নির্বাচনের খসড়া ভোটার তালিকা। ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণের শেষ সময় ২২ নভেম্বর শনিবার বিকেল সাড়ে ৩টা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর।
এছাড়া মনোনয়নপত্র বিতরণ করা হবে ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র বিতরণ ও জমাদান ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। মনোনয়নপত্র জমার শেষ সময় ২৬ নভেম্বর বিকেল সাড়ে ৩টা।
মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৭ নভেম্বর। এরপর ২৮ নভেম্বর প্রকাশ করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ নভেম্বর বিকেল সাড়ে ৩টা। প্রার্থীতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তির সময় ১ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২ ডিসেম্বর। আগামী ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের ফলাফলও একই দিনে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ১৪ নভেম্বর রাত ৯টায় উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেন।
টিজে/এসএন