© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘পরিবার রাজি হলেই বিয়ের পিঁড়িতে বসবো’

শেয়ার করুন:
‘পরিবার রাজি হলেই বিয়ের পিঁড়িতে বসবো’

চিত্রনায়িকা আইরিন

zahinn-khan
০৩:১৭ পিএম | ২৫ ডিসেম্বর, ২০১৯

শীতের সকালে খুশির খবর শোনালেন চিত্রনায়িকা আইরিন। জানালেন, তার অভিনীত বাংলা সিনেমা ‘পদ্মার প্রেম’ এবার ভোজপুরি ভাষায় রিলিজ হচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন হারুন-উজ-জামান। বাংলাদেশে সিনেমাটি খুব ভালো ব্যবসা না করলেও ভোজপুরি ভাষার জন্য এ সিনেমা একটি প্রযোজনা প্রতিষ্ঠান কিনে নিয়েছে।

আইরিন আরো বলেন, সিনেমাটি এর আগে কলকাতায়ও মুক্তি পায়। তবে এবার ভোজপুরিতে রিলিজ হচ্ছে বলে আমি ভীষণ খুশি। প্রত্যেক আর্টিস্ট চায়, তার অভিনীত সিনেমাটি পৃথিবী দেখুক। সত্যি আমি বিষয়টি নিয়ে বেশ উচ্ছল।

চলতি বছর দুটি ছবি মুক্তি পায় আইরিনের। তার অভিনীত ‘আকাশমহল’ সিনেমার পর নভেম্বরে আসে ‘পদ্মার প্রেম’।

হতাশা নিয়ে আইরিন বলেন, একটা সময় দর্শকরা প্রতিটি নতুন সিনেমা দেখতে সিনেমা হলে ভিড় করতো। দর্শকদের সিনেমা দেখার জন্য আগ্রহ ছিল। যা এখন নেই বললেই চলে। অনেক দর্শক কমেছে সিনেমা হলে। যা সিনেমা হল মালিকরাও বলছে।

সামনে আইরিন অভিনীত ‘রৌদ্রছায়া’, ‘গন্তব্য’, ‘সেইভ লাইফ’ ছবিগুলো মুক্তি পাবে। এছাড়া অনন্য মামুনের ‘আহারে জীবন’ ও ‘পার্টনার’র বাকি কাজ সামনে শুরু করবেন বলে জানান তিনি।

২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতার মধ্য দিয়ে আইরিনের শোবিজ যাত্রা শুরু হয়। বেশ লম্বা সময় র‌্যাম্পে কাটিয়েছেন এই মডেল ও অভিনেত্রী। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘ইউটার্ন’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়াবীনি’, ‘শেষ কথা’, ‘একজন কবির মৃত্যু’সহ বেশকিছু ছবি মুক্তি পেয়েছে। ভারতের সিনেমায়ও কাজ করেছেন আইরিন।

তিনি বলেন, কলকাতার সিনেমা ‘শিবরাত্রী’-তে কাজ করেছি। এ সিনেমার কাজ শেষ। এটি পরিচালনা করেছেন রাজাদীপ্ত ব্যানার্জি। তার পরিচালনায় ‘ডেথ সার্টিফিকেট’ নামের একটি ছবি ভারতে মুক্তি পাওয়ার পর বেশ প্রশংসিত হয়। এ সিনেমায় আমার বিপরীতে সুমন ব্যানার্জি ও রাজা দাদা অভিনয় করেছেন।

বিয়ে প্রসঙ্গে আইরিন জানান, এখনই এই বিষয়টা নিয়ে মাথা ঘামাচ্ছি না। কারণ বাবা অনেক অসুস্থ। কয়েকদিন আগে তার হার্টে ৪টি রিং পরানো হয়েছে। এখন তার দেখাশোনা করা সবচেয়ে বড় দায়িত্ব আমার। কঠিন সময় পার করছি।

তিনি জানান, আমার পরিবারের সবাই থাকেন যশোরে। শুধু আমি থাকি ঢাকায়। আমার দুই ভাই-বোনের বড় ভাইও ব্যবসায়িক কাজে যশোরেই থাকেন। তাই শত ব্যস্ততা আর ঝামেলার মধ্যে এখন বিয়ে করতে চাই না। আর যখনই করবো পরিবারকেই আগে জানাবো। তারা রাজি হলেই বিয়ের পিঁড়িতে বসবো।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন