© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরির সুযোগ মিস করলেন সাদমান ইসলাম

শেয়ার করুন:
দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরির সুযোগ মিস করলেন সাদমান ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২০ এএম | ২২ নভেম্বর, ২০২৫
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরির সুযোগ মিস করলেন সাদমান ইসলাম। চতুর্থ দিনের শুরুতে তার পথ ধরে সাজঘরে নাজমুল হোসেন শান্তও।

তৃতীয় দিন শেষে ৬৯ রানে অপরাজিত থাকা সাদমান শনিবার (২২ নভেম্বর) ব্যক্তিগত খাতায় ৯ রান যোগ করে বিদায় নিয়েছেন। স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনের গুড লেংথের বল মিস করে এলবিডব্লিউ হন এ ওপেনার। ১১৯ বলে ৭ চারের মারে সাজানো ছিল তার ৭৮ রানের ইনিংসটি। ২২ রানের জন্য সেঞ্চুরি পূরণ করতে পারলেন না তিনি। এর আগে সিলেটে সিরিজের প্রথম টেস্টে আউট হয়েছিলেন ৮০ রান করে। ওই ম্যাচে এক ইনিংসই ব্যাট করেছিল বাংলাদেশ। মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৫ রান করেছিলেন সাদমান।
 
এদিকে সাদমানের বিদায়ের পর ক্রিজে নেমে থিতু হতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ৫ বলে ১ রান করে জর্ডান নেইলের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। প্রথম ইনিংসেও ব্যর্থ ছিলেন টাইগার অধিনায়ক। ১১ বলে করেছিলেন ৮ রান।
 

ক্রিজে অপরাজিত থাকা মুমিনুল হককে সঙ্গ দিতে এসেছেন শততম টেস্ট খেলা মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিক। নিজের শততম টেস্টকে স্মরণীয় করে রাখতে দ্বিতীয় ইনিংসেও হয়তো বড় কোনো ইনিংস উপহার দেবেন তিনি। আগের দিন ৯১ বলে ৬০ রানের ইনিংস খেলে আউট হয়েছিলেন মাহমুদুল হাসান জয়। ইতোমধ্যে বাংলাদেশের লিড ৪০০ ছাড়িয়েছে।
 
প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৭৬ রানের জবাবে ২৬৫ রানে অলআউট হয়েছিল আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টেস্টে সিলেটে আইরিশদের ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হারিয়ে ১-০’তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

এসএস/টিএ

মন্তব্য করুন