© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন চমক নিয়ে বড় পর্দায় ফিরছেন ইমরান-ন্যান্সি

শেয়ার করুন:
নতুন চমক নিয়ে বড় পর্দায় ফিরছেন ইমরান-ন্যান্সি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৭ পিএম | ২৩ নভেম্বর, ২০২৫
২৮ বছর আগে মুক্তি পাওয়া ‘শেষ ঠিকানা’ সিনেমায় ব্যবহৃত ‘আমি পাথরে ফুল ফোটাব’ গানটি এখনো কালজয়ী হয়ে রয়েছে। মিল্টন খন্দকারের লেখা এবং আলম খানের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন প্রয়াত সংগীতশিল্পী এন্ড্রু কিশোর।

অনুপম মিউজিকের বিশেষ আয়োজনে সেই কালজয়ী গানটি আসছে নতুন রূপে। ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’ শিরোনামের নতুন এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই সংগীত তারকা ইমরান মাহমুদুল ও ন্যান্সি।

আহমেদ রিজভীর কথায় গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান নিজেই।

ইতিমধ্যে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। এই গানের মধ্য দিয়ে অনেক দিন পর একসঙ্গে গাইলেন ইমরান ও ন্যান্সি।

ইমরান মাহমুদুল বলেন, “আমি পাথরে ফুল ফোটাব খুব জনপ্রিয় একটি গান।

সেই গানের হুকলাইন ব্যবহার করে নতুনভাবে লেখা ও সংগীতায়োজন করা হয়েছে। সবচেয়ে ভালো লাগার বিষয় অনেক দিন পর ন্যান্সি আপুর সঙ্গে গান করেছি। শেষবার আমরা ‘লিপস্টিক’ সিনেমার ‘নিন্দুকে’ গানটিতে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলাম। এই গানটিও সবাই পছন্দ করবেন।



ন্যান্সি বললেন, ‘আমি পাথরে ফুল ফোটাবো গানটি শ্রোতার অনেক পছন্দের। নতুন গানটির কথাও অসাধারণ। শ্রোতারা এমন গানের জন্যই অপেক্ষা করেন। এটি নিয়ে শ্রোতামহলে ইতিমধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। আশা করছি, নতুন আয়োজনের গানের হুকলাইনটিও শ্রোতার ভালো লাগবে।
জানা গেছে, বৃহৎ আয়োজনে নির্মাণ হবে মিউজিক ভিডিও। মালয়েশিয়ায় গানটির শুটিং করবেন নির্মাতা সৈকত রেজা। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’।

এদিকে এই গানের পাশাপাশি ন্যান্সিকে নিয়ে আরেকটি গানের রেকর্ডিং করেছেন ইমরান। গানটিতে ন্যান্সির সহশিল্পী মোহাম্মদ মিলন। গানটির কথা, সুর ও সংগীতে দায়িত্ব পালন করেছেন ইমরান নিজেই।

এমকে/টিএ

মন্তব্য করুন