© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১০ বছর পর আবারও পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

শেয়ার করুন:
১০ বছর পর আবারও পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২২ পিএম | ২৯ নভেম্বর, ২০২৫
একসময় বাস্তব জীবনের প্রেমিক-প্রেমিকা ছিলেন বলিউড তারকা রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। তাদের প্রেম যেমন আলোচনায় ছিল, বিচ্ছেদও ছিল সংবাদমাধ্যমের কেন্দ্রবিন্দুতে।

ব্যক্তিগত জীবনে ভিন্ন পথে হাঁটলেও পর্দায় তাদের রসায়ন আজও বলিউডের অন্যতম আকর্ষণ। ‘বাচনা অ্যায়ে হাসিনো’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘তামাশা’–প্রতিটি ছবিতেই তারা দর্শক-সমালোচকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনয়ের গভীরতা ও অনাবিল কেমিস্ট্রি দিয়ে। দশ বছর পর আবারও পর্দায় ফিরছেন এই জনপ্রিয় অনস্ক্রিন জুটি। খবর ইন্ডয়ান এক্সপ্রেস বাংলার।

 ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘তামাশা’ ছিল তাদের শেষ কাজ। এরপর তাদের একসঙ্গে দেখা যাবে কিনা এ নিয়ে জল্পনা ছিল বহুদিনের। শেষ পর্যন্ত তা সত্যি হতে যাচ্ছে। নতুন এই সিনেমাটি পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়, যিনি এর আগে রণবীর-দীপিকাকে নিয়ে সুপারহিট ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ তৈরি করেছিলেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অয়ন তাঁর নতুন ছবির চিত্রনাট্য নির্মাণ করছেন রাজ কাপুরের ১৯৫৬ সালের ক্ল্যাসিক ‘চোরি চোরি’ থেকে অনুপ্রাণিত হয়ে। মূল গল্পে আধুনিকতা যোগ করতে নির্মাতা বেশ কিছু নতুন টুইস্ট যোগ করছেন। রাজ কাপুরের ‘চোরি চোরি’ সিনেমায় দেখা যায়, এক ধনীর মেয়ের বাড়ি থেকে পালিয়ে যাওয়া, পথে এক সাংবাদিকের সঙ্গে দেখা। সেখান থেকেই শুরু প্রেমযাত্রা। অয়নের সংস্করণে এমন প্রেম থাকলেও গল্প সাজানো হবে আধুনিক প্রযুক্তি, সমসাময়িক সমাজ ও তরুণ প্রজন্মের জীবনযাপনকে ঘিরে। নতুন সেটআপ, নতুন দ্বন্দ্ব এবং আরও গভীর আবেগ থাকছে গল্পে।



শোনা যাচ্ছে, এই ছবির মাধ্যমে রণবীর কাপুর প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তাঁর প্রযোজনা সংস্থার নাম রাখা হয়েছে আরকে ফিল্মস; যা কাপুর পরিবারের ঐতিহ্যেরই আধুনিক রূপ।

যদিও সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে একাধিক গণমাধ্যম সূত্র জানিয়েছে, ছবির প্রি-প্রোডাকশন চলছে। ২০২৬ সালের শুরুতে শুটিং শুরু হতে পারে। বড় বাজেট ও ভারতের পাশাপাশি একাধিক দেশে সিনেমার দৃশ্যধারণের পরিকল্পনাও রয়েছে অয়নের। 

সব মিলিয়ে রণবীর-দীপিকার প্রত্যাবর্তন শুধু একটি সিনেমা নয়। বলিউডের জন্য বড়সড় ঘটনা। অয়ন মুখোপাধ্যায়ের নতুন গল্প, ক্ল্যাসিকের অনুপ্রেরণা আর দশ বছর পর দুই তারকার অদম্য অনস্ক্রিন রসায়ন–সবকিছু মিলিয়ে নতুন এই সিনেমার খবরটি সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এমকে/টিএ

মন্তব্য করুন