© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বর্ণপাম জয়ী ইরানি নির্মাতাকে এক বছরের কারাদণ্ড

শেয়ার করুন:
স্বর্ণপাম জয়ী ইরানি নির্মাতাকে এক বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৫ পিএম | ০২ ডিসেম্বর, ২০২৫
রাষ্ট্রবিরোধী ‘প্রচারণামূলক কার্যকলাপে’ জড়িত থাকার অভিযোগে কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জয়ী ইরানি নির্মাতা জাফর পানাহিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সেইসঙ্গে তাকে দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তার আইনজীবী মোস্তফা নিলি এএফপিকে জানিয়েছেন, কারাদণ্ডের সঙ্গে দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং যেকোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্যপদে যোগদানের নিষেধাজ্ঞাও রয়েছে।

তিনি আরো জানান, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

জাফর পানাহির ইরানি কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ নতুন নয়। ২০১০ সালে সরকারবিরোধী প্রতিবাদে সমর্থন ও সমালোচনামূলক চলচ্চিত্র তৈরির কারণে তাকে চলচ্চিত্র নির্মাণ এবং দেশের বাইরে যাওয়া থেকে বিরত রাখা হয়। পরে তাকে অভিযোগে ছয় বছরের জেল দেওয়া হয়, তবে তিনি মাত্র দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।

নিষেধাজ্ঞা সত্ত্বেও পানাহি ‘দিজ ইজ নট আ ফিল্ম’ ‘ট্যাক্সি’র মতো আলোচিত সিনেমা নির্মাণ করেছেন।

এরপর ২০২২ সালে তিনি আবার গ্রেপ্তার হন, তবে সাত মাস পরে মুক্তি পান।

এই মুহূর্তে পানাহি তার নতুন সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট’-এর প্রচারের জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন। গতকাল নিউইয়র্কে অনুষ্ঠিত গথাম অ্যাওয়ার্ডসে তিন পুরস্কার জিতেছে সিনেমাটি। এ ছাড়া তিনি মরক্কোতে মারাকেশ ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হবেন এবং সেখানেও আলোচনায় অংশ নেবেন।

তবে নতুন পাওয়া দণ্ড নিয়ে নির্মাতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: ভ্যারাইটি 

মন্তব্য করুন