© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুবর্ণচরের সেই নারীকে দেখতে নোয়াখালী যাচ্ছেন ঐক্যফ্রন্টের নেতারা

শেয়ার করুন:
সুবর্ণচরের সেই নারীকে দেখতে নোয়াখালী যাচ্ছেন ঐক্যফ্রন্টের নেতারা
central-desk
০৭:৩৪ পিএম | ০৪ জানুয়ারি, ২০১৯

সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের ধর্ষণের শিকার সেই নারীকে দেখতে নোয়াখালী যাচ্ছেন ঐক্যফ্রন্টের নেতারা। আগামীকাল শনিবার সকালে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তারা নোয়াখালীর উদ্দেশে রওনা হবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ বেশ কয়েকজন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা নোয়াখালী যাবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

তিনি জানান, সুবর্ণচরে ধর্ষণের শিকার হওয়া ওই নারী (৪০) নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঐক্যফ্রন্টের নেতারা সেখানেই যাবেন। শনিবার সকাল সাতটায় গুলশান বিএনপি অফিস থেকে তাঁরা রওনা হবেন। পরে তাকে দেখে ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তারা ফের কালই ঢাকায় ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ভোটের দিন রাতে ওই নারীর স্বামী-সন্তানকে বেঁধে তাঁকে পিটিয়ে আহত করা হয় এবং ধর্ষণ করা হয়। নির্যাতনের শিকার নারীর পরিবার জানায়, ভোটকেন্দ্রে কথা-কাটাকাটির জেরে এই ঘটনা ঘটানো হয়। ডাক্তারি পরীক্ষায় ওই নারীকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

টাইমস/ কেআরএস

মন্তব্য করুন