© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছায়ানট-উদীচী-সংবাদমাধ্যমে হামলায় শিক্ষা উপদেষ্টার নিন্দা

শেয়ার করুন:
ছায়ানট-উদীচী-সংবাদমাধ্যমে হামলায় শিক্ষা উপদেষ্টার নিন্দা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৯ পিএম | ২০ ডিসেম্বর, ২০২৫

সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট, উদীচী ও বিভিন্ন গণমাধ্যমের ভবনে হামলা-অগ্নিসংযোগ ও নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান তিনি।

বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা উল্লেখ করেছেন, ‘শহীদ শরিফ ওসমান হাদির শাহাদতের হৃদয়বিদারক ঘটনায় যখন সমগ্র জাতি শোকাহত, তখন এ ঘটনার অপসুযোগ নিয়ে কিছুসংখ্যক উগ্র, অবিবেচক গোষ্ঠী দেশের বি‌ভিন্নস্থানে অরাজকতা ও‌ নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।’


সি আর আবরার আরও বলেন, ‘এই গোষ্ঠী বাংলাদেশের দীর্ঘদিনের একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের ভবন আক্রমণ করেছে, তাতে অগ্নিসংযোগ করেছে। প্রতিষ্ঠানের অনেক সংগীত ও শিক্ষা উপকরণ ধ্বংস করেছে। ছায়ানটের পরিচালনায় ওই ভবনে নালন্দা নামে যে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়, তা এ আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একই স‌ঙ্গে আমি সাংস্কৃ‌তিক সংগঠন উদীচীর কার্যা‌লয়ে আক্রমণ ও অ‌গ্নিসংযোগেরও নিন্দা জানাই।’

সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের দুটি সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে সংঘটিত আক্রমণ এবং দেশের প্রবীণ ও সাহসী সাংবাদিক নূরুল কবীরকে অপদস্থ করার হীন কর্মকাণ্ডে আমি গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছি।’

বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করেন যে, ‘স্বার্থান্বেষী মহলের এ ধরনের কার্যকলাপ জুলাই আন্দোলনের চেতনাকে কালিমালিপ্ত করার অপপ্রয়াসই শুধু নয়, এর ফলে বাংলাদেশবিরোধী ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র সফল হওয়ার আশঙ্কাও দেখা দিতে পারে।’

এবি/টিকে

মন্তব্য করুন