© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শহীদ ওসমান হাদির স্মরণে টানানো ব্যানার নামিয়ে ফেলল দুর্বৃত্তরা

শেয়ার করুন:
শহীদ ওসমান হাদির স্মরণে টানানো ব্যানার নামিয়ে ফেলল দুর্বৃত্তরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৭ পিএম | ২৭ ডিসেম্বর, ২০২৫
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে এবং তার বিপ্লবী আদর্শকে ত্বরান্বিত করার লক্ষ্যে ক্যাম্পাসজুড়ে টানানো ব্যানার ও ফেস্টুন রাতের আঁধারে খুলে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ ডিসেম্বর) ভোর বা রাতের কোনো এক সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত এসব ব্যানার-ফেস্টুন টানানো অবস্থা থেকে নামিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চ বেরোবি শাখার আহ্বায়ক জাহিদ হাসান জয় ও শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, শহীদ ওসমান হাদির স্মরণে ইনকিলাব মঞ্চ ও শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এবং প্রধান প্রধান সড়কের পাশে রশি দিয়ে ও গাছের উপরে ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছিল। এসব ব্যানারে শহিদ ওসমান হাদির ছবি, নাম ও স্মরণবার্তা সংবলিত বিভিন্ন স্লোগান ছিল। তবে আজ সকালে ক্যাম্পাসে এসে শিক্ষার্থীরা দেখতে পান, কিছু ব্যানার-ফেস্টুন খুলে ফেলা হয়েছে এবং কিছু ব্যানার গাছের উপর থেকে খুলে নিচে ফেলে রাখা হয়েছে।

এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। শিক্ষার্থীদের দাবি, এটি পরিকল্পিতভাবে শহিদের স্মৃতিকে অবমাননা করার একটি অপচেষ্টা।

এ বিষয়ে ইনকিলাব মঞ্চ বেরোবি শাখার আহ্বায়ক জাহিদ হাসান জয় বলেন, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এই কাজ করেছে, তাদের শনাক্ত করতে আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করার চেষ্টা করছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, শহীদ শরীফ ওসমান হাদি বেরোবির শিক্ষার্থীদের কাছে একজন আধিপত্যবাদবিরোধী সাহসী কণ্ঠ হিসেবে পরিচিত। তার স্মরণে বিভিন্ন সময় শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করে আসছেন।

এসকে/টিকে

মন্তব্য করুন