© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সালমানের স্ত্রী সবসময় আমাদের সঙ্গেই থাকত: শাবনূর

শেয়ার করুন:
সালমানের স্ত্রী সবসময় আমাদের সঙ্গেই থাকত: শাবনূর

ফাইল ছবি

entertainment-reporter
০৪:৪৭ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২০

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুর ঘটনাটি হত্যা নয়। তিনি আত্মহত্যা করেছিলেন। শাবনূরের সাথে সম্পর্কের জেরে এই পথ বেছে নিয়েছিলেন সালমান শাহ। এমন তথ্য জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এদিকে পিবিআই’র দেয়া এমন প্রতিবেদনে অস্ট্রেলিয়া থেকে ক্ষোভ প্রকাশ করেন শাবনূর।

সোমবার সালমান শাহর মৃত্যুর কারণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, পিবিআই’র এমন প্রতিবেদনে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কীসের জন্য আমার নাম জড়ানো হচ্ছে! সালমান যদি আত্মহত্যাও করে, তাহলে আমার কারণে কেন করবে! আমার নামটা জড়ানোর আগে সবারই একবার ভাবা উচিত।

এদিকে ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা সিডনি থেকে একটি জাতীয় দৈনিকে বলেন, একজন মৃত মানুষের সঙ্গে আমাকে জড়িয়ে কথা বলাটা খুব বেমানান মনে হয়েছে।

শাবনূর বলেন, সালমান ও আমাকে জড়িয়ে এই ধরনের কথা কেউ যদি বলে থাকে, সেটার আমি ঘোর বিরোধিতা করছি। সালমান শুধুই আমার নায়ক ছিল, সহশিল্পী ছিল, বন্ধু ছিল এর বাইরে আর কোনো সম্পর্ক ছিল না। আমি আগেও বলেছি এখনো বলছি, তাকে আমি ভাইয়ের মতো শ্রদ্ধা করতাম। তার সঙ্গে আমার ভাই-বোনের সম্পর্ক ছিল।

শাবনূর বলেন, সালমান তখন বিবাহিত ছিল। আর আমি অবিবাহিত। ওর স্ত্রীর সঙ্গেও আমার একটা ভালো সম্পর্ক ছিল। সালমানের স্ত্রী সবসময় আমাদের সঙ্গেই থাকত। প্রেমের সম্পর্কের কিছু একটা যদি হতো, এটা তখন সবাই বুঝতে পারত। এত বছর পর এই ব্যাপারটা নিয়ে আমাকে জড়িয়ে নোংরা উক্তি করার ব্যাপারটি মোটেও ভালো লাগছে না। কিছু মানুষ আমাকে জড়িয়ে গুজব ছড়ানোর চেষ্টা করছে।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন