© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মায়ের জানাজায় অংশ নিতে ৮ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন আওয়ামী লীগ নেতা

শেয়ার করুন:
মায়ের জানাজায় অংশ নিতে ৮ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন আওয়ামী লীগ নেতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৬ এএম | ১৭ জানুয়ারি, ২০২৬
চাঁদপুরের ফরিদগঞ্জের পৌর আওয়ামী লীগের নেতা ও সাবেক মেয়র মাহ্ ফুজুল হক তার মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে ৮ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান।

গতকাল বাদ আসর ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ কাছিয়াড়া জমদ্দার বাড়িতে মরহুমা বদরুন্নেসার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মায়ের দাফন শেষে বিকেলেই মাহ্ ফুজুল হককে আবার কারাগারে পাঠানো হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মাহ্ ফুজুল হক ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০১৭ সালে পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, মাহফুজুল হকের মা বদরুন্নেসা গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজা এবং দাফনে অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে রাজধানীর কেরানীগঞ্জ করারাগার থেকে ৮ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তিনি নিজ এলাকা ফরিদগঞ্জে আসেন। কারা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে তাকে মায়ের জানাজায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। পরে নির্ধারিত সময় শেষ হওয়ার পর তাকে আবার কারাগারে নেওয়া হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “প্যারোলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মুক্তির আদেশ পাওয়ার পর ঢাকা পুলিশের সঙ্গে সমন্বয় করে মাহ্ ফুজুল হককে ফরিদগঞ্জে আনা হয়।

ফরিদগঞ্জ থানা পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যেই তিনি তার মায়ের জানাজায় অংশ নেন। পরে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।”

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় গত বছরের ৮ অক্টোবর রাতে ঢাকার ডেমরা থানা এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মাহ্ ফুজুল হককে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কেরানীগঞ্জ কারাগারে বন্দি ছিলেন।

এমকে/টিএ

মন্তব্য করুন