© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিসিবি পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ, শুরু হচ্ছে তদন্ত

শেয়ার করুন:
বিসিবি পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ, শুরু হচ্ছে তদন্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৫ এএম | ২৪ জানুয়ারি, ২০২৬
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালক মোহাম্মদ মোখলেসুর রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিসিবির এক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়, দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে মোখলেসুর রহমানের বিরুদ্ধে। বৃহস্পতিবার ইউটিউব চ্যানেলে সাংবাদিক রিয়াসাত আজিম এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেন। সেখানে মোখলেসুর রহমান ও নোয়াখালী এক্সপ্রেসের চেয়ারম্যান তৌহিদুল হক তৌহিদের মধ্যে হওয়া একাধিক ফোনালাপ প্রকাশ করা হয়। সেখানে ম্যাচের ফলাফল ও খেলার ধরন নিয়ে নির্দেশনার অভিযোগ তোলা হয়েছে। এটি প্রতিযোগিতার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে।

বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘অ্যালেক্স মার্শাল (বিসিবি ইন্টেগ্রিটি ইউনিটের প্রধান) ইতোমধ্যেই তদন্ত শুরু করেছেন। একই সঙ্গে তিনি (মোখলেসুর) বিসিবির অডিট কমিটি থেকেও পদত্যাগ করেছেন।’
উল্লেখ্য, মোখলেসুর রহমান গত বছরের ৬ অক্টোবর বিসিবির নির্বাচনে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অধীনে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক নির্বাচিত হন।

এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে মোখলেসুর রহমান দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে আমি অডিট কমিটি ও অন্যান্য দায়িত্ব থেকে পদত্যাগ করেছি। তবে আমি পরিচালক পদে থাকছি। আমি চাই এই বিষয়ে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হোক।’

আইকে/টিএ

মন্তব্য করুন